লাহোর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- আত্মঘাতী বোমা হামলার পর শুক্রবার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর সাংস্কৃতিক রাজধানী খ্যাত লাহোর।
বৃহস্পতিবার রাতে লাহোরে সুফি দরবেশ হজরত সৈয়দ আলি বিন ওসমান হাজাইরির মাজারে আত্মঘাতী বোমা হামলায় ৪২ জন নিহত হন।
কর্মকর্তারা জানিয়েছেন, তিনজন আত্মঘাতীর চালানো ওই হামলায় আহত হয়েছেন প্রায় ১২২ জন।
যদিও তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি, কিন্তু পাকিস্তানে কয়েক বছর ধরে তালেবান ও আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা ব্যাপক হামলা চালিযে যাচ্ছে। গত তিনবছরে দেশটি জঙ্গি হামলায় অন্তত ৩ হাজার ৪শ' মানুষ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবারে লাহোরের মার্বেল পাথরে বাঁধানো দাতা গঞ্জ বকশ নামে পরিচিত এগারো শতকের ইরানি সুফি দরবেশ সৈয়দ আলি হাজাইরির মাজারে বিপুল সংখ্যক পাকিস্তানি মুসলমানের সমাগম হয়ে থাকে।
আত্মঘাতী হামলাকারীদের একজন প্রধান ফটকের কাছে বোমার বিস্ফোরণ ঘটান। অপর দুইজন ওজু করার স্থানে হামলা চালান।
মাজারের খাদেম মিয়া মোহাম্মদ মুনির জানান, "আত্মঘাতী হামলার সময় মাজারে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের সমাগম ছিল।"
কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী দুজনের মাথা পাওয়া গেছে। এ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কীভাবে এই হামলাকারীরা প্রবেশ করলো সে বিষয়টি নিয়েই এখন তারা তদন্ত করবেন।
প্রত্যক্ষদর্শী রয়টার্সের আলোকচিত্রী মহসিন রাজা জানান, মাজার চত্ত্বরজুড়ে ছড়িয়ে রয়েছে মৃতদেহের বিভিন্ন অংশ।
মহসিন আরো জানান, "সর্বত্রই শুধু রক্ত আর রক্ত। নিহতদের মধ্যে আমার দু'জন বন্ধুও রয়েছেন। চারপাশে থমথমে অবস্থা।"
অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, "আমি দেখতে পেলাম, নিহত ও আহতরা রক্তস্নাত মেঝেতে পড়ে আছেন।"
মাজারের খাদেম জানান, কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণগুলো ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর মানুষেরা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে।
উদ্ধার কাজে নিয়োজিত এক জ্যৈষ্ঠ কর্মকর্তা মাজহার আহমেদ টেলিফোনে এএফপিকে বলেন, "হামলায় মোট ৪২ জন নিহত হয়েছেন।"
এর আগে শহরের শীর্ষ প্রশাসক সাজ্জাদ ভুট্টো বলেছিলেন, হামলায় অন্তত ৪১ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।
প্রাদেশিক সরকারকে এ ঘটনার যথাযথ তদন্ত ও জড়িতদের দ্রুত ধরার নির্দেশ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, মাজারে হামলার ঘটনায় এটাই প্রতীয়মান হয় যে, "সন্ত্রাসীদের কাছে ধর্ম, অনুভূতি ও বিশ্বাসের কোনো মূল্য নেই।"
তালিবান জঙ্গিরা সাধারণত ইসলামের সুফি ধারাকে ঘৃণা করে এবং মাজারে যাওয়া অনুমোদন করে না। কিন্তু মাজার পাকিস্তানিদের কাছে খুব জনপ্রিয়।
ইতোপূর্বে মে মাসে লাহোরে এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৮২ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/সিআর/১২৩১ঘ.
bdnews24