২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে আত্মঘাতী হামলায় ৪১ জন নিহত

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে এক সুফি দরবেশের মাজারে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 02:54 AM

Updated : 25 Aug 2022, 01:12 PM

লাহোর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে এক সুফি দরবেশের মাজারে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তিনজন আত্মঘাতীর চালানো ওই হামলায় আহত হয়েছেন প্রায় ১২২ জন। যদিও তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি, কিন্তু পাকিস্তানে কয়েক বছর ধরে তালেবান ও আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা ব্যাপক হামলা চালিযে যাচ্ছে। গত তিনবছরে দেশটি জঙ্গি হামলায় অন্তত ৩ হাজার ৪শ' মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবারে লাহোরের মার্বেল পাথরে বাঁধানো এগারো শতকের ইরানি সুফি দরবেশ সৈয়দ আলি হাজাইরির মাজারে বিপুল সংখ্যক পাকিস্তানি মুসলমানের সমাগম হয়ে থাকে। দিনক্ষণ দেখে এই মাজার লক্ষ করেই হামলা চালানো হলো। প্রত্যক্ষদর্শী রয়টার্সের আলোকচিত্রী মহসিন রাজা জানান, মাজার চত্ত্বরজুড়ে ছড়িয়ে রয়েছে মৃতদেহের বিভিন্ন অংশ। মহসিন আরো জানান, "সর্বত্রই শুধু রক্ত আর রক্ত। নিহতদের মধ্যে আমার দু'জন বন্ধুও রয়েছেন। চারপাশে থমথমে অবস্থা।" আত্মঘাতী হামলাকারীদের একজন প্রধান ফটকের কাছে বোমার বিস্ফোরণ ঘটান। অপর দুইজন ওজু করার স্থানে হামলা চালান। শহরের শীর্ষ প্রশাসক সাজ্জাদ ভুট্টো জানান, হামলায় অন্তত ৪১ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী মিয়ান রৌফ জানান, "প্রথমে তিনটি ছোট বিস্ফোরণ ঘটে। মানুষ-জন আতঙ্কে ছোটাছুটি শুরু করে। কিন্তু তার কিছুক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।" রৌফ আরো জানান, "এটা সত্যিই এক মর্মান্তিক বিশৃঙ্খল অবস্থা। মানুষ-জন সাহায্যের জন্য আর্তনাদ করছে, এদিক- সেদিক ছোটাছুটি করছে। চারদিকে শুধু ধোঁয়া। কিছুই দেখা যাচ্ছে না, শুধু মানুষের আর্তনাদ আর কান্না শোনা যাচ্ছে।" তালিবান জঙ্গিরা সাধারণত ইসলামের সুফি ধারাকে ঘৃণা করে এবং মাজারে যাওয়া অনুমোদন করে না। কিন্তু মাজার পাকিস্তানিদের কাছে খুব জনপ্রিয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, মাজারে হামলার ঘটনায় এটাই প্রতীয়মান হয় যে, "সন্ত্রাসীদের কাছে ধর্ম, অনুভূতি ও বিশ্বাসের কোনো মূল্য নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/সিআর/১১১৪ ঘ.