ভিয়েনা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) শীর্ষ পরমাণু প্রকল্প পরিদর্শক ওলি হেইনোনেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করবেন। আইএইএ'র এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
৬৩ বছর বয়সী হেইনোনেন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার নিরাপত্তা বিভাগের (সেফগার্ড ডিপার্টমেন্ট) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩০ বছর ধরে তিনি ভিয়েনা ভিত্তিক এ সংস্থাটিতে কর্মরত রয়েছেন।
কোনো রাষ্টের পরমাণু কর্মসূচি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে কিনা তা তদারকির দায়িত্বে আছেন হেইনোনেন।
ইরান ও সিরিয়ার পরমাণু কর্মসূচি তদারককারী দলের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
রেডিওকেমিস্ট হেইনোনেন ফিনল্যান্ডের নাগরিক। তিনি ২০০৮ সালের ফেব্র"য়ারিতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাওয়ার-পয়েন্টে তথ্য উপস্থাপন করে দেখান, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং পরমাণু অস্ত্র ব্যবহার উপযোগী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে।
তার এ উপস্থাপনের পর ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব জোর তৎপরতা চালানো শুরু করে।
আইএইএ-এর মুখপাত্র গিল টিউডর বলেন, "ব্যক্তিগত কারণে আগস্টের শেষে পদত্যাগ করার ইচ্ছা হেইনোনেন মহাপরিচালকে জানিয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।"
হেইনোনেন ই-মেইল বার্তায় সহকর্মীদের উদ্দেশে লিখেছেন, "আমি জানি, আমি একটি দক্ষ সহকর্মীদের দল ছেড়ে যাচ্ছি। তারা আমানো এবং আমার জায়গায় যিনি আসবেন তাকে আন্তরিকভাবে সহায়তা করবেন বলে আশা রাখছি।"
জাপানের কূটনীতিক ইউকিয়া আমানো গত ডিসেম্বরে আইএইএ-এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তবে হেইনোনের উত্তরসূরি কে হবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে সংস্থাটি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৮৩৩ ঘ.
bdnews24