মাতামোরোস, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলে বুধবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অ্যালেক্স ।
ক্যাটাগরি দুই এ রূপ নেওয়া ঘূর্ণিঝড়টির প্রভাবে একইসঙ্গে মেক্সিকোর উপকূলীয় এলাকা ও দক্ষিণ টেক্সাসে প্রবল বৃষ্টিপাত ও বাতাসের সৃষ্টি হয়েছে।
অ্যালেক্সের কারণে নিকারাগুয়া, গুয়াতেমালা ও এল সালভাদরে কমপক্ষে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী মেক্সিকোর তামায়ুলিপাস এলাকা থেকে ১৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে অ্যালেক্সের কারণে লুইসিয়ানা, মিসিসিপি, আলাবামা ও ফ্লোরিডার উপকূলীয় এলাকায় তেল নিঃসরণ বন্ধের কাজ ব্যাহত হচ্ছে এবং মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেক্সাসে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
তিনি সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয়ভাবে সাহায্যের অনুরোধ জানিয়েছেন।
এনএইসসি'র সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, মেক্সিকো উপসাগরে ঝড়টি আরো শক্তি সঞ্চয় করতে পারে। এতে প্রবল ঢেউ ও প্রবল বাতাসের সৃষ্টি হতে পারে। আর উপকূলীয় এলাকায় এ ঝড় ঘণ্টায় ১০৫ মাইল বেগে আঘাত হানতে পারে।
মেক্সিকোর কেন্দ্রীয় আবহাওয়া সার্ভিস জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারির পর লা কারবোনেরা শহর থেকে ২ হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে মাতামোরাস শহরে প্রবল ঝড় ও বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০৯ঘ.
bdnews24