শ্রীনগর, ভারত, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাশ্মীরে হাজার হাজার ভারত-বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনারা গুলি চালালে সোমবার দুই কিশোর নিহত ও ২০ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
বিরোধপূর্ণ ঐ অঞ্চলে গত দুই সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় আট জন নিহত হয়েছে।
হতাহতের এ ঘটনায় মুসলিম অধ্যুষিত এ উপত্যকায় সরকার-বিরোধী আন্দোলন আরো জোরদার হয়েছে।
শুক্রবার সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে আধা-সামরিক বাহিনীর গুলিতে তিন বিক্ষোভকারী নিহত হওয়ার পর কর্তৃপক্ষ কাশ্মীরের উত্তরাঞ্চলীয় সোপোর শহরে কারফিউ জারি করে।
শুক্রবারের সহিংসতায় তিন জন নিহত হওয়ার প্রতিবাদে ডাকা ধর্মঘটের তৃতীয় দিন সোমবার কাশ্মীরের রাস্তাঘাট থাকে জনশূন্য।
বিক্ষোভকারীরা শ্লোগান দেয়, "যাও ভারত ফিরে যাও, আমরা চাই স্বাধীনতা।"
কাশ্মীরের এক পুলিশ কর্মকর্তা বলেন, বিক্ষোভ ঠেকাতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানিসহ আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, আগামী দুই দিনের জন্য স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
২০০৪ সালে ভারত ও পাকিস্তান শান্তি প্রক্রিয়া শুরু করার পর সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের মধ্যে সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২১১২ ঘ.
bdnews24