ওয়াশিংটন, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)--- বছরব্যাপী প্রচেষ্টা শেষে ওয়াল স্ট্রিটের অর্থনৈতিক নীতিমালায় বড় ধরনের রদবদলের ব্যাপারে শুক্রবার মতৈক্যে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।
আরেকটি বিশ্ব মন্দা ঠেকাতে তারা কিছু নিয়ম-নীতি চূড়ান্ত করেছেন।
২১ ঘণ্টারও বেশি সময়ের ম্যারাথন বিতর্কের পর সিনেট ও প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতারা আপোস চুক্তিতে পৌঁছেছেন। এ সিদ্ধান্ত এখন আগামী সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হবে।
বিশ্বমন্দা শুরুর দুই বছরেও বেশি সময় পর ভোর পর্যন্ত জেগে কর্মক্লান্ত মার্কিন আইনপ্রণেতারা হাউজ ও সিনেটের উত্থাপিত প্রস্তাবের সম্মিলন ঘটাতে সক্ষম হয়েছেন।
কানাডায় জি৮ এবং জি২০ সম্মেলন শুরু হওয়ার আগ মুহুর্তে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কংগ্রেসের এ অগ্রগতিতে তিনি খুশি।
নতুন নীতিমালার আওতায় ওয়াল স্ট্রিটের বাংক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মুনাফা কমে আসার পাশপাশি তারা কঠোর অর্থনৈতিক নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য হতে পারে।
'ভোলকার রুল' এর আওতায় ব্যাংকগুলোর স্বত্বাধিকার বাণিজ্য নিষিদ্ধ হতে পারে।
তাছাড়া, তাদের বিনিয়োগের ক্ষেত্র সীমিত হওয়ার পাশাপাশি বড় ব্যাংকগুলোর ক্ষেত্রে ৫ বছরের জন্য পর্যাপ্ত পুঁজি রাখার বিধান রাখা হয়েছে নতুন নিয়মে।
অন্যদিকে, ভোক্তাদের জন্য নতুন নিয়মে ভোক্তা অর্থনৈতিক সুরক্ষা ব্যুরো গঠনের কথাও বলা হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গেইথনার বলেছেন, নতুন বিলটি যথেষ্ট জোরালো এবং তিনি এ বিলটিকে অর্থনৈতিক মন্দা কাটতে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর বলে অভিহিত করেন।
বিলটি এখন সিনেট এবং প্রতিনিধি পরিষদ দু'কক্ষেই পাশ হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১১ ঘ.
bdnews24