কাবুল, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে জির্গা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সন্দেহভাজন ২৬ তালেবান কারাবন্দীকে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন ও আফগান কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজল আহমদ ফাকিয়ার বলেন, যুক্তরাষ্ট্রের পরিচালনাধীন বাগরাম বন্দীশালা থেকে ১৮ বন্দী, পুলিশ কাস্টডি থেকে ২ জনকে এবং খোস্ত প্রদেশের একটি ছেট্ট কারাগার থেকে ৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। কর্মকর্তারা এএফপি কে একথা জানিয়েছেন।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উপদেষ্টা এবং বন্দিদের মামলা পর্যালোচনা কমিটির সদস্য নাসরুল্লাহ স্টানিকজাই বলেন, সশস্ত্র বিরোধীদলগুলোর সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদেরকে আটক করা হয়েছিল। আমরা একের পর এক তাদের মামলা পর্যালোচনা করেছি। কিন্তু তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাইনি।
স্টানিকজাই আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি বাগরাম বন্দিশালা থেকে ১২ জনের মুক্তি পাওয়ার কথা জানান। তবে বন্দিদের নিয়ে কাজ করে যাওয়া এক মার্কিন বেসামরিক কর্মকর্তা মিচেল গোতলিয়েব এ সংখ্যা ১৮ উল্লেখ করেন।
২ জুনে জিরগার উল্লেখযোগ্য শান্তি সম্মেলনের সিদ্ধান্তের আওতায়ই এদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ওই সম্মেলনে তালেবান আদিবাসী নেতৃবৃন্দ ও অন্যান্য গণ্যমাণ্য আফগান ব্যক্তিদের সঙ্গে বৈঠকে (জিরগা) প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একটি শান্তি পরিকল্পনা অনুমোদিত হয়।
২০০১ সালে মার্কিন সেনারা তালেবানদের বিতাড়িত করে। তখন থেকে তালেবানরা আফগানিস্তানে সহিংসতা চালিয়ে যাচ্ছে। সহিংসতা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে হামিদ কারজাই তালেবানদের সঙ্গে শান্তি চুক্তির প্রস্তাব করেছেন।
এ শান্তি প্রচেষ্টার আওতায়ই সন্দেহভাজন তালেবানদের মুক্তি দেওয়া হল।
ফজল আহমদ ফাকিয়ার রয়টার্সকে বলেন, "শান্তি প্রচেষ্টায় জিরগার সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে তাদের এ মুক্তি দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০০ঘ.
bdnews24