বিশকেক, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় গত সপ্তাহে ফুঁসে উঠা জাতিগত সহিংসতার দায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের উপর চাপানোর পর মধ্য এশিয়ার মার্কিন দূত শনিবার কিরগিজস্তান পরিদর্শন করেছেন।
এ দেশটিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশের সামরিক বিমানবন্দর রয়েছে। তাদের আশঙ্কা কিরগিজস্তানের এ অস্থিতিশীলতা প্রাক্তন সোভিয়েত ব্লক দেশের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রবার্ট ব্লেক কিরগিস্তানের অন্তবর্তী সরকারের নেত্রীবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে গেছেন। দেশটির বিধ্বস্ত দক্ষিণাঞ্চলেও তার যাবার কথা রয়েছে।
ধারণা করা হচ্ছে, এই কয়েক দিনের সহিংসতায় প্রায় ২ হাজার উজবেক ও কিরগিজ নিহত হয়েছে। জাতিসংঘের মতে, ১০ লাখ মানুষ এ সহিংসতায় ক্ষতিগ্রস্থ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্তব্য করেছেন, গত এপ্রিলে সরকারবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ এই সহিংসতার নেপথ্যে থাকতে পারেন।
তিনি আরো বলেন, "কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নিশ্চই এখনো প্রচুর সমর্থক রয়েছে যারা অন্তবর্তীকালীন সরকারের ঘোর বিরোধী।"
"সেজন্য তার (বাকিয়েভ) বিরূদ্ধে এ ধরনের অভিযোগ থাকতেই পারে এবং তা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।"
বর্তমানে বেলারুসে নির্বাসিত কিরগিজ নেতা বাকিয়েভ সহিংসতায় তার কোন ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/টিএ/২১৩৫ ঘ.
bdnews24