ওয়াশিংটন, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার দূষণমুক্ত জ্বালানি গ্রহণ ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর বিষয়ে সিনেট সদস্যদের এক বৈঠকে আহ্বান জানিয়েছেন।
হোয়াইট হাউস ও সিনেটসূত্রে একথা জানা গেছে।
ওভাল অফিসে এক ভাষণে মেক্সিকো উপসাগরে তেল ছড়ানোর ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে পরিবেশ দুর্যোগ বলে উল্লেখ করেন ওবামা। এরপরই দুই দলের সিনেটরদের বৈঠকে আহ্বান জানিয়েছেন তিনি। বৈঠকে সিনেটের জ্বালানি নীতির ওপর আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ওবামা তার ভাষণে বলেন, "এ ঘটনা আমাদের উপকূলের সবচেয়ে দুঃখজনক ও শক্তিশালী দিকটিকে উন্মোচিত করেছে, যা এখনই আমাদের ভবিষ্যতে দূষণমুক্ত জ্বালানি গ্রহণের বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছে।"
স্বতন্ত্র সিনেটর জো লিবারম্যান ওবামার অনুরোধের পরিপ্রেক্ষিতে বলেন, "প্রেসিডেন্ট কংগ্রেসকে আরেকটি জ্বালানি বিল পাস করতে বলছেন না সে বিষয়টি আমার কাছে পরিস্কার। আমরা গত পাঁচ বছরে দুইটি জ্বালানি বিল পাস করেছি। তবে তাতে করে বিদেশি তেল বা জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরতায় সত্যিকারভাবে কোনো পরিবর্তন আনতে পারেনি।"
তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট আরও বড় কিছু চাইছেন। যাকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতির সঙ্গে তুলনা করেছেন।"
মে মাসে লিবারম্যান ও তার ডেমোক্র্যাট সহকর্মী জন কেরি জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি বিল উত্থাপন করেন।
তবে মঙ্গলবারের ভাষণে ওবামা বিতর্কিত ওই বিলটি সম্পর্কে কিছু বলেননি।
অবশ্য রিপাবলিকান দলের সদস্যরা ইতোমধ্যে ওবামার এ আহ্বানের বিপক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৫ঘ.
bdnews24