জেরুজালেম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গত মাসে গাজা অভিমুখী ত্রাণবহরে কমোন্ডো অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গাজা অবরোধ শিথিল করার চিন্তা-ভাবনা করছে ইসরায়েল।
ইসরায়লের নিরাপত্তা কেবিনেট বুধবার বিষয়টি নিয়ে বৈঠকে বসেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
তবে এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, বুধবারের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। পরবর্তী বৈঠক বসবে বৃহস্পতিবার।
একজন কর্মকর্তা জানান, মন্ত্রীরা সীমান্ত দিয়ে হামাস নিয়ন্ত্রিত ভূখন্ডে সরবরাহের জন্য ইসরায়েলের অনুমোদিত ১০০ টির বেশি পণ্যের তালিকা আরো বাড়াতে পারে। মধ্যপ্রাচ্য দূত টনি ব্লেয়ারের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলি মন্ত্রীরা এ উদ্যোগ নিতে পারেন।
বৃহস্পতিবারের বৈঠকে পণ্যতালিকা বাড়ানো নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছে ইসরায়েল।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চার বিশ্ব শক্তি; যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও রাশিয়ার দূত হচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গত সপ্তাহে বৈঠক শেষে সোমবার ব্লেয়ার বলেছেন, ইসরায়েল কিছু দিনের মধ্যে গাজা অবরোধ শিথিল করার উদ্যোগ নিতে নীতিগতভাবে রাজি হয়েছে।
ইসরায়েলের কেবিনেট মন্ত্রী ইসাক হারজগ অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
সেনাবাহিনীর বেতারে বুধবার তিনি বলেন, "আমাদের বোঝা উচিত যে, গাজায় অবরোধ আরোপ করাটা এখন আর যুগোপযোগী নয় এবং বর্তমান আন্তর্জাতিক ও কূটনৈতিক আবহে তা আর চলতে দেওয়া যায় না।"
হারজগ মঙ্গলবার জানান, ইসরায়েল ব্লেয়ারকে জানিয়েছে যে, তারা গাজা উপতক্যায় পণ্য আনা-নেওয়ার ব্যাপারটি সহজ করে দিতে চায়।
বুধবারের বৈঠকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ইয়ুভাল দিসকিন গাজা অঞ্চলে নৌ অবরোধ তুলে নেওয়ার বিরোধিতা করেন।
ফিলিস্তিনি গেরিলা দল হামাস ২০০৬ সালে নির্বাচনে জয় লাভের পর ইসরায়েল তাদের ওপর অবরোধ আরোপ করে। পরের বছর হামাস গাজা দখল করার পর সেখানে অবরোধ আরো কঠোর করে ইসরায়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৮ ঘ.
bdnews24