মেক্সিকো সিটি, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- বিশ্বের শীর্ষ দুই ধনী বিল গেটস ও কার্লোস স্লিম স্পেন সরকারকে সঙ্গে নিয়ে মধ্য আমেরিকা ও মেক্সিকোর দরিদ্র জনগণের জন্য ১৫ কোটি ডলারের স্বাস্থ্য কর্মসুচি চালু করছেন।
সোমবার এক ঘোষণায় একথা জানানো হয়েছে।
'২০১৫- মেসো- আমেরিকান হেলথ ইনিশিয়েটিভ' নামের এ প্রকল্পে তিন দাতা সমান অর্থ সহায়তা দেবে।
এর আওতায় আগামী পাঁচ বছরে মধ্য আমেরিকা ও মেক্সিকোজুড়ে মাতৃস্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি ও টিকা কার্যক্রম ছাড়াও ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধে প্রচারাভিযান চালানো হবে।
সোমবার গেটস ও স্লিমসহ মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরন এবং স্পেনের প্রিন্সেস কিস্ট্রিনা একযোগে এ কর্মসূচি ঘোষণা করেছেন।
বেলিজ, কোস্টরিকা, এল সালভাদর, গুয়েতামালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া এবং পানামায় এ স্বাস্থ্য কর্মসূচি চলবে।
বিল গেটস বলেছেন, এই প্রথম তার যুক্তরাষ্ট্র ভিত্তিক 'বিল ও মেলিন্ডা ফাউন্ডেশন' মেক্সিকোর শীর্ষ ধনী কার্লোস স্লিম ইন্সটিটিউটের সঙ্গে যোগ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬০০ ঘ.
bdnews24