কাবুল, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- পাকিস্তানের গোয়েন্দা সংস্থা 'ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সি' (আইএসআই) আফগানিস্তানে তালেবানদের অর্থ ও প্রশিক্ষণ সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের লড়াইয়ে সক্রিয় সমর্থন দিচ্ছে।
'দ্য লন্ডন স্কুল অব ইকোনোমিকস' (এলএসই) এর এক প্রতিবেদনে রোববার একথা বলা হয়েছে।
তালেবানদের সঙ্গে আইএসআই এর এ যোগসাজশের অকাট্ট প্রমাণ আছে এবং আফগান তালেবানদের সমর্থন দেওয়াটা আইএসআই এর নীতি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তালেবান শীর্ষ নেতাদের বৈঠকে আইএসআই'র প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের নীতি নির্ধারণে ভূমিকা রাখে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বছর ফেব্র"য়ারি থেকে মে মাস পর্যন্ত মাঠ পর্যায়ের ৯ জন তালেবান কমান্ডারের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
তালেবানদেরকে আইএসআই এর সহায়তা যা ধারণা করা হয়ে থাকে তার চেয়ে অনেক বেশি বলে এতে দাবি করা হয়।
তবে 'এলএসই' র এ প্রতিবেদন বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
প্রতিবেদনের লেখক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাট ওয়াল্ডম্যান লেখেন, তালেবানদের ভিত অনেক শক্ত হলেও তালেবান কমান্ডাররা বলেছে, আইএসআই তাদের আন্দোলনে শক্তিশালী ভূমিকা রাখে।
আইএসআই তালেবান এবং হাক্কানি গ্র"পগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেওয়াসহ তাদেরকে প্রশিক্ষণ, অর্থ, গোলাবারুদ ও অন্যান্য জিনিস সরবরাহ করে সহায়তা করে। তাদের এ সহায়তা আকাশে সূর্যালোকের মতোই স্পষ্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ বছরের শুরুর দিকে পাকিস্তানে বন্দী উর্ধ্বতন তালেবান নেতাদের সঙ্গে দেখা করে তাদের মুক্তি দেওয়ার ও তালেবানদের অভিযানে সহায়তা করার অঙ্গীকার করেন।
তাছাড়া, পাকিস্তান সরকারের সর্বোচ্চ পর্যায়ে তালেবানদের সমর্থনের বিষয়টি অনুমোদনেরও আশ্বাস দেন জারদারি।
পাকিস্তানের এক কূটনীতিক প্রতিবেদনটিকে ভিত্তিহীন অভিহিত করে বলেন, তালেবানদের সঙ্গে কোনো ধরনের আলোচনা আফগান সরকারের ব্যাপার।
তালেবান কমান্ডার, সাবেক তালেবান মন্ত্রী এবং পশ্চিমা ও আফগান নিরাপত্তা কর্মকর্তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনটিতে বলা হয়েছে, "পাকিস্তান এ ক্ষেত্রে বিস্ময়করভাবে দ্বৈতনীতি প্রয়োগ করছে।"
তালেবানদের আইএসআই এর মদদের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সন্দেহ করা হয়ে আসছে। তবে তাদেরকে অর্থ, প্রশিক্ষণ ও আশ্রয়-প্রশ্রয় দেওয়ার নতুন এ প্রতিবেদনে আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানের সহায়তার অঙ্গীকারের বিষয়টি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোরেয়ন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭১৭ ঘ.
bdnews24