বুরাস, লস এঞ্জেলেস/লন্ডন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে তেল নিঃসরণ বন্ধে ব্রিটিশ পেট্রোলিয়ামকে ৪৮ ঘণ্টার মধ্যে আরো কার্যকর পরিকল্পনা পেশ করার আল্টিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
মার্কিন উপকূলরক্ষী বাহিনীর এক কর্মকর্তা এ সময়সীমা দিয়েছেন। এতে করে তেল বিপর্যয় রোধের সংগ্রামে বিপির ওপর চাপ আরো বাড়ল।
মার্কিন উপকূলরক্ষী বাহিনীর এডমিরাল জেমস ওয়াটসন ১১ জুনে এক চিঠিতে বিপিকে বলেছেন, তারা এ যাবৎ যে সব পদক্ষেপ ও পরিকল্পনা নিয়েছে তা পর্যাপ্ত নয়। সেকারণেই আরো ভালো পরিকল্পনা পেশের জন্য বিপিকে দু'দিন সময় দেন তিনি। চিঠিটি শনিবার প্রকাশ করা হয়।
অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ৩০ মিনিটের এক টেলিফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিপি'র মর্যাদাকে খাটো করে দেখার কোনো অভিপ্রায় তার নেই।
তাছাড়া, বিপি'র সমালোচনা ব্রিটিশ-মার্কিন সম্পর্কেও কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি।
ক্যামেরনকে এ সম্পর্কে ওবামা বলেন, বিপি একটি বহুজাতিক ও বৈশ্বিক কোম্পানী। তেল নিঃসরণ বন্ধ করতে না পারা নিয়ে হতাশার সঙ্গে জাতীয় পরিচয়ের কোনো সম্পর্ক নেই।
তাছাড়া, বিপি যাতে একটি কার্যকর তেল কোম্পানী হিসাবে কাজ চালাতে পারে তা নিশ্চিত করা যৌথ স্বার্থেই প্রয়োজন।
ক্যামেরনের কার্যালয় থেকে একথা জানানো হয়েছে।
তেল ছড়িয়ে পড়ার ঘটনার ৫৪ দিন অতিবাহিত হলেও এখনও সমুদ্র তল দেশের কূপ থেকে অবিরাম তেল নিঃসৃত হচ্ছে। বিপি এ মাসে তেল পাইপের ছিদ্রমুখে ছিপি লাগাতে সক্ষম হলেও তেল নিঃসরণ বন্ধ করতে পারেনি।
তবে মার্কিন এক কর্মকর্তা জানান, ওবামা বিপিকে তেল পরিস্কারের খরচ ও তেল ছড়িয়ে পড়ার জন্য অর্থনৈতিক ক্ষতিপূরণ দেওয়ার কথা বলবেন।
গত ২০ এপ্রিল মেক্সিকো উপসাগরে তেলের রিগ বিস্ফোরণে প্রায় ১১ জন কর্মী নিহত হওয়ার পর থেকে লাখ লাখ গ্যালন তেল পানিতে ছড়িয়ে পড়ছে। এখনও দৈনিক গড়ে ৪০ হাজার ব্যারেল তেল ছড়িয়ে পড়ছে এবং বিপি তেল ছড়িয়ে পড়া আংশিক নিয়ন্ত্রণ করতে পেরেছে।
তেলের কারণে মার্কিন উপকূলীয় অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেলের ক্ষতিকর প্রভাবে পাখি, কচ্ছপ ও ডলফিন মারা যাচ্ছে। এছাড়া, উপকূলীয় অঞ্চলে পর্যটনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বিপির বাজার দরেও বিপুল ডলারের ক্ষতি হচ্ছে। অনেক মার্কিন আইন প্রণেতা তেল নিঃসরন বন্ধ না হলে বিপির বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রেসিডেন্ট ওবামাকে চাপ দিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৭ ঘ.
bdnews24