হংকং, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- হংকং সরকার বৃহস্পতিবার নতুন একটি ভার্চুয়াল কবরস্থান চালু করার পর এখন মৃত ব্যক্তিরাও ইন্টারনেট থেকে রেহাই পাবে না।
চীনা সংস্কৃতিতে আশা করা হয়, মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনরা বছরে অন্তত একবার মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে তার কবরের পাশে যাবে।
কিন্তু এখন থেকে শোকাহতরা 'মেমোরিয়ালডটগভডটএইচকে' নামক সাইটে ঢুকে বিনামূল্যে একটি ওয়েবপেজ চালু করতে পারবেন।
প্রায় ১ লাখ লোক এই সাইটে তাদের প্রিয়জনের ছবি ও ভিডিও আপলোড করতে, তাদের সম্পর্কে লিখতে এবং শোক প্রকাশ করতে পারবে।
চীনা রীতি অনুযায়ী পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা অনুভূতি প্রকাশের স্মারক হিসেবে ফল, ফুল ও মোমবাতিসূচক গ্রাফিক্স দিয়ে প্রথা অনুযায়ী প্রার্থণা করতে পারবে এ সাইটে।
চীনা প্রথা অনুযায়ী কবরের পাশে প্রার্থণার সময় জনপ্রিয় শ্রদ্ধার্ঘ্য; শুকরের রোস্ট, মুরগী ও পেপার মানিও উৎসর্গ করা যাবে।
একমাত্র হংকংয়ের অধিবাসীরাই এ ওয়েবসাইটে নিবন্ধীকৃত হবে। তবে তার মৃত্যু নিশ্চিত হতে হবে ও তাকে হংকংয়েই সমাহিত হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১১ ঘ.
bdnews24