সিউল, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাহাজডুবির পেছনে পিয়ংইয়ংয়ের হাত থাকার দক্ষিণ কোরীয় অভিযোগ অস্বীকার করে নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে উত্তর কোরিয়া।
চিঠিতে বলা হয়েছে, জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের শিকার হয়েছে।
এ ধরনের আগ্রাসন রোধে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে। এর প্রতিবাদেই জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি সিন সন হো নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে এ চিঠি পাঠিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি জানায়, ২৬ মার্চ উত্তর কোরিয়ার সাবমেরিন টর্পেডো হামলা চালিয়ে তাদের রণতরী 'চেওনান' ডুবিয়ে ফেলে। এতে ৪৬ জন নাবিক নিহত হয়।
উত্তর কোরিয়া তাদের সরকারি গণমাধ্যমে ইতোমধ্যে এ অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুয়াং-বাক তার সরকারের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এ কূটচাল চেলেছেন।
ডসন সন হো'র সই করা ওই চিঠিতে বলা হয়েছে, সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সামরিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট হচ্ছে যে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার তদন্ত থেকে পাওয়া তথ্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৫ ঘ.
bdnews24