২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তনে তালেবান হামলায় শান্তি আলোচনা পণ্ড

আফগানিস্তানে বুধবার তালেবান আত্মঘাতী কমান্ডোদের হামলায় প্রেসিডেন্ট হামিদ কারজাই আয়োজিত শান্তি সম্মেলন বা জির্গা বৈঠক পণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 11:34 AM

কাবুল, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- আফগানিস্তানে বুধবার তালেবান আত্মঘাতী কমান্ডোদের হামলায় প্রেসিডেন্ট হামিদ কারজাই আয়োজিত শান্তি সম্মেলন বা জির্গা বৈঠক পণ্ড হয়েছে। কাবুলে বৈঠক চলাকালে এ হামলা হয়। তালেবানদের সঙ্গে শান্তি পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়। কিন্তু হামলার পর বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কারজাইয়ের উদ্বোধনী বক্তব্যে বাধা পড়ে। সম্মেলন লক্ষ্য করে চালানো রকেট হামলায় কমপক্ষে পাঁচটি বিস্ফোরণ ঘটেছে। এছাড়া, গোলাগুলির শব্দ শোনা গেছে। পুলিশের সঙ্গে কয়েকজন বন্দুকধারীর সংঘর্ষও হয়েছে। নিহত হয়েছে দুজন আত্মঘাতী হামলাকারী। একজন আটক হয়েছে। বৈঠকের আয়োজন করা হয়েছিল একটি তাঁবুতে। প্রায় ১৬০০ প্রতিনিধি এবং পশ্চিমা কূটনীতিকরা "শান্তি জিরগায়' অংশগ্রহণ করেন। শান্তি জির্গার আয়োজক গোলাম ফারুক ওয়ারডাক বৈঠকের প্রতিনিধিদের জানান, আত্মঘাতী হামলাকারীদের তিনজন বোরখা পরে একটি নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করে। সেখান থেকেই তাঁবু লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড ছোড়ে তারা। তাদের দুজন নিহত হয়েছে জানিয়ে তিনি বলেন, নিজের অপরাধেরই মূল্য দিয়েছে তারা। তৃতীয়জনকে আটক করা হয়েছে। কারজাই হামলার মধ্যেও উদ্বেধনী বক্তব্যে শেষ করে পরে সাঁজোয়া বহর নিয়ে এলাকা ত্যাগ করেন। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, জির্গা তাঁবুর কাছে একটি উঁচু ভবনে আমরা ৪ জন আত্মঘাতী হামলাকারীকে পাঠিয়েছি। কারজাইয়ের শান্তি পরিকল্পনায় বিদ্রোহী কর্মকান্ড তালেবানদের ক্ষমা করার পাশাপাশি তাদেরকে উৎসাহিত করতে প্রশিক্ষণ ও নিজ নিজ এলাকার উন্নয়নমূলক প্রকল্পে কাজ দেওয়ার কথা বলা হয়েছে। বৈঠকে এ পরিকল্পনা নিয়েই কথা বলছিলেন কারজাই। এরই মধ্যে ঘটে যায় ওই হামলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিবি/এলকিউ/১৮০১ ঘ.