কেপ কেনাভেরাল, ফ্লোরিডা (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নভোযান আটলান্টিস মহাকাশ স্টেশনে ১২ দিনের মিশন শেষে বুধবার পৃথিবীতে ফিরেছে। গত ২৫ বছরের মহাকাশযাত্রায় এটিই ছিল নভোযানটির সর্বশেষ মিশন।
স্থানীয় সময় সকাল ৮ টা ৪৮ মিনিটে (গ্রীনিচ মান সময় ১২ টা ৪৮ মিনিট) ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্রে অবতরণ করে আটল্টাটিস।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস মিলিয়ে প্রায় ১২ টন সামগ্রী সরবরাহ করে ফিরে এসেছে নভোযানটি।
বুধবার মহাকাশ কেন্দ্রে অবতরণের মধ্য দিয়ে ২৫ বছর ধরে আটলান্টিসের চলমান মহাকাশযাত্রা মিশনের সমাপ্তি ঘটল।
আটলান্টিসের ৩২তম ও সর্বশেষ অভিযান ছিল এটি। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝিতে নভোযান ডিসকভারি এবং নভেম্বরের শেষের দিকে এনডেভার শেষবারের মতো মহাকাশে যাবে।
নভোযান মহাকাশে পাঠানোর কর্মসূচি শেষের পর নাসা নভোচারীদের মাহাকাশ স্টেশনে পাঠানোর জন্য নির্ভর করবে রাশিয়ার সয়ুজ রকেটের ওপর-- যতদিন না যুক্তরাষ্ট্র নভোযানের বিকল্প কোনো যান তৈরি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৬ ঘ,
bdnews24