ব্রাসেলস, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভবিষ্যৎ অর্থনৈতিক সংকট এড়াতে ব্যাংকের ওপর আগাম কর ধার্যের পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। এর মধ্য দিয়ে জুনে জি-২০ সম্মেলনে বিশ্বব্যাপী ব্যাংকগুলোতে করারোপের চেষ্টা গতি পাবে বলে আশা করছে ইইউ।
বুধবার ইউরোপের আর্থিক খাত বিশ্লেষক দলের কমিশনার মাইকেল বানির্য়ার জানান, ভবিষ্যতে অর্থনৈতিক সংকট এড়াতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ২০১১ সালের মধ্যে ব্যাংকের সব ধরনের লেনদেন ও সম্পদের ওপর আগাম কর ধার্য করা হবে।
একটি বিবৃতিতে তিনি বলেন, "সংকট সৃষ্টিকারীরাই ক্ষতিপূরণ দেবে- নীতিতে আমি বিশ্বাস করি এবং আমাদের এমন একটি পদ্ধতি চালু করতে হবে যাতে আর্থিক খাতই ব্যাংকগুলোর ভবিষ্যৎ আর্থিক সংকট মেটাতে পারবে। "
আগামী মাসে টরেন্টোতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনকে সামনে রেখে ইউরোপীয় কমিশনের এ ঘোষণায় বিশ্বব্যাপী ব্যাংকগুলোর ওপর কর ধার্যের উদ্যোগ গতি পাবে বলেই আশা করছেন ইইউ'র নির্বাহীরা।
পরিকল্পনার প্রস্তাবনায় কর্মকর্তারা লিখেছেন, বিশ্বব্যাপী এ নীতি গ্রহণযোগ্য করে তুলতে জি২০ ভুক্ত দেশগুলোকে নিয়ে ইউ চেষ্টা চালিয়ে যাবে।"
তবে ব্যাংকের ওপর কর ধার্যের বিষয়টি নিয়ে খোদ ইউরোপে মতবিরোধ আছে। বিশেষত, কোন কোন ক্ষেত্রে এ ধরনের কর আরোপের সুযোগ আছে এবং সংগ্রীহিত অর্থ কোথায় কাজে লাগানো হবে তা নিয়েই এ মতবিরোধ।
গত এপ্রিলের ইইউ বৈঠকে অর্থমন্ত্রীরা ব্যাংকের ওপর কর ধার্যের বিষয়টিকে উদারচিত্তে সমর্থন জানাতেও রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/ টিএ/২০২৮ ঘ.
bdnews24