মাদ্রিদ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনের ধুমপায়ীরা রেস্তোরাঁ, বার ও ক্যাফেগুলোতে আয়েশ করে ধূমপান করার সুযোগ পাবেন আর মাত্র কয়েক মাস।
নতুন বছর শুরুর আগেই স্পেনে জনসমক্ষে ধূমপানের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ত্রিনিদাদ জিমেনেস।
মাদ্রিদে দেশটির জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান উপস্থাপন অনুষ্ঠানে তিনি জানান, কর্মক্ষেত্রে ও পাতালরেলে ধূমপান নিষিদ্ধের ২০০৬ সালের আইনটি সংশোধন করে জুন মাসের শুরুতেই কংগ্রেসে উত্থাপন করা হবে। এর ওপর তর্ক-বিতর্কও চলবে একই মাসে।
তিনি বলেন, সবকিছু বিবেচনা করে আইনটি পাস হতে হতে নতুন বছর চলে আসবে।
তবে এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে স্পেন'স হোটেল অ্যান্ড ক্যাটারিং ফেডারেশন বলছে, এই নিষেধাজ্ঞা জারি হলে তা এই শিল্পের উপর বিরূপ প্রভাব ফেলবে। এতে রেস্তোরাঁগুলোতে ৭ শতাংশ এবং বার ও ক্যাফেগুলোতে ১০ থেকে ১৫ শতাংশ ক্রেতা কমবে বলে দাবি করেছে তারা।
কিন্তু জিমেনেস জানান, ৪৪ দশমিক ২ শতাংশ স্পেনিয়ার্ড এই নিষেধাজ্ঞার বিপক্ষে হলেও, ৪৭ দশমিক ৪ শতাংশ এর পক্ষে এবং বাকিরা কোনো মন্তব্য করেনি।
তিনি বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি। আমরা জনস্বাস্থ্য পুনরুদ্ধারের ব্যাপারে কথা বলছি। প্রতিদিন ১৬১ জন মানুষ ধূমপানজনিত কারণে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৪৬ঘ.
bdnews24