ব্যাংকক, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঐক্য ও শান্তি কামনায় থাইল্যান্ডের হাজার হাজার মানুষ বুধবার ব্যাংককে প্রার্থনা করেছে। সরকারবিরোধীদের বিরুদ্ধে ভয়াবহ সেনা অভিযানের এক সপ্তাহ পর এই সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অভিযানে বিক্ষোভকারী ও সেনা সংঘর্ষে ৫৪ জনের মৃত্যু হয়।
হলুদ কাপড় গায়ে জড়ানো শত শত বৌদ্ধ ভিক্ষু ব্যাংককের প্রধান বিপণী বিতানের সামনে শুভার্থীদের কাছ থেকে খাদ্য গ্রহণ করেছেন। এই বিপণী বিতান এক সপ্তা আগে সরকারবিরোধী লাল শার্টদের দখলে ছিল।
খ্রিস্টান, মুসলিম এবং শিখ পুরোহিতরাও সেখানে ছিলেন। দাঙ্গা বিক্ষুদ্ধ ব্যাংককের দেড়কোটি মানুষের জন্য তারাও প্রার্থনা পরিচালনা করেন।
ব্যাংককের গভর্নর সুখুমবান্দ পারিবাতরা বলেন, "ক্ষমা ও সামনে এগিয়ে যাওয়ার এই যে পদক্ষেপ আমরা যারা ব্যাংককের অধিবাসী তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
শহরে ধর্মীয় আবহ ফিরিয়ে আনার অনুষ্ঠানের আয়োজক সিটি গভর্নর পারিবাতরা ক্ষমতাসীন ডেমোক্রেট দলের একজন সদস্য।
পারিবাতরা রয়টার্সকে বলেন, এই অনুষ্ঠানের তাৎপর্য হচ্ছে, "খারাপ পথ পরিত্যাগ করে উন্নত ভবিষ্যৎ বিনির্মাণ"-এর পথে অগ্রসর হওয়া।
দুই মাসেরও বেশি সময় ধরে আধুনিক থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বাজে রাজনৈতিক সহিংসতার পর প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা রাজনৈতিক সংস্কার পরিকল্পনা, সামাজিক ন্যায়বিচার ও সহিংসতার তদন্ত নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, গ্রামের দরিদ্র খেটে খাওয়া মানুষ সরকারের প্রতি অভিজাত শ্রেণীকে প্রাধান্য দেওয়ার যে অভিযোগ তুলেছে, ব্যাপক রাজনৈতিক সংস্কার ছাড়া তা থেকে উত্তরণের কোনো পথ নেই।
সহিংসতায় ৮৫ জন মারা যান এবং ২ হাজারেরও বেশি মানুষ আহত হন। সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষেই বেশিভাগ হতাহতের ঘটনা ঘটেছে।
কিন্তু সরকারবিরোধীদের অংশগ্রহণ ছাড়া এই সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা।
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এই সরকারবিরোধীর আন্দোলনের নেপথ্যে রয়েছেন বলে মনে করা হয়। তার অভিযোগ, ২০০৮ সালে সেনা সহায়তায় ক্ষমতায় আসা বর্তমান প্রধানমন্ত্রী অভিজিতের জনগণের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই।
গরীবের ওপর ধনীর আধিপত্য বিস্তারকেই বর্তমান থাই সরকার সমর্থন দিয়ে যাচ্ছে অভিযোগে লাল শার্ট বিক্ষোভকারীরা সরকারের পতন ও আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনে নামে। বিক্ষোভকারীদের অধিকাংশই গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৪ঘ.
bdnews24