নিউ ইয়র্ক, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুস্বাস্থ্যের জন্য যারা অর্গানিক খাবার কিনছেন তারা ঠকছেন নাতো? কারণ অর্গানিক খাবার যে সুস্বাস্থ্য বা পুষ্টি বয়ে আনে এর অকাট্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। একথাই বলা হয়েছে ব্রিটেনের নতুন এক গবেষণা পর্যালোচনায়।
'লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল হেলথ' এর গবেষকরা এক গবেষণা পর্যালোচনায় বলেছেন, প্রচলিত খাদ্যের তুলনায় অর্গানিক খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য উপকারী কিনা--- এ সম্পর্কিত ভালো মানের গবেষণা হয়েছে খুব সামান্যই।
উপরন্তু যে সমস্ত গবেষণা হয়েছে তাতে অর্গানিক খাবার খাওয়ার দীর্ঘমেয়াদী সুফলের পরিবর্তে কেবল স্বল্পমেয়াদী সুফলের ওপরই জোর দেওয়া হয়েছে।
প্রচলিত খাদ্যের সঙ্গে অর্গানিক খাদ্যের পার্থক্য নির্ণয় করতে ব্যর্থ হয়েছে বেশির ভাগ গবেষণাই। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত হয় এ গবেষণা পর্যালোচনা।
গবেষকরা গত ৫০ বছর ধরে প্রকাশিত বিজ্ঞানভিত্তিক ১৬২ টি লেখা পর্যালোচনা করেছেন। কিন্তু পুষ্টিমানের দিক থেকে প্রচলিত খাদ্যের চেয়ে অর্গানিক খাদ্যকে আলাদা গুরুত্ব দেওয়ার মতো কোনো প্রমাণ তারা খুঁজে পাননি।
পর্যালোচনায় গবেষকরা মাত্র ১২টি গবেষণা খুঁজে পেয়েছেন যেগুলোতে অর্গানিক খাদ্য গ্রহণে স্বাস্থ্যের ওপর এর প্রভাবের মানসম্মত মূল্যায়ন করা হয়েছে।
ডা. এলান ডাঙ্গুর ও তার সহকর্মীরা লিখেছেন, অর্গানিক খাবার নিয়ে গবেষণা হয়েছে কম। মানস্মত গবেষণা হয়েছে আরো কম এবং অর্গানিক খাবারের সুফলের প্রমানও খুবই নগন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৮৫৭ ঘ.
bdnews24