২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে পিকাসো, মাতিসের চিত্রকর্ম চুরি

প্যারিসের মুসে দ্যআর্ত মদের্নে জাদুঘর থেকে পাবলো পিকাসো ও আঁরি মাতিসসহ পাঁচ শিল্পীর প্রায় ৫০ কোটি ইউরো মূল্যের চিত্রকর্ম চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 10:42 AM

প্যারিস, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/ রয়টার্স)- প্যারিসের মুসে দ্যআর্ত মদের্নে জাদুঘর থেকে পাবলো পিকাসো ও আঁরি মাতিসসহ পাঁচ শিল্পীর প্রায় ৫০ কোটি ইউরো মূল্যের চিত্রকর্ম চুরি হয়েছে। বৃহস্পতিবার জাদুঘর কর্তৃপক্ষ একথা জানিয়েছে। বৃহস্পতিবার জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সময় কর্মচারীরা ক্যানভাসগুলো চুরি যাওয়ার বিষয়টি বুঝতে পারে। এসময় তারা একটি জানালার কাঁচ ভাঙা দেখতে পায়। ফরাসি সংবাদ মাধ্যমের তথ্য মতে, চুরি যাওয়া শিল্পকর্মের মধ্যে পিকাসোর 'ডোভ উইথ গ্রিন পিজ', মাতিসের 'প্যাস্তোরাল', জর্জ ব্রাকের 'অলিভ ট্রি নেয়ার লেস্তাক', মদিগলিয়ানির 'উইমেন অন দ্য রেঞ্জ' এবং ফের্নান্দো লেজারের 'স্টিল লাইফ উইথ ক্যান্ডেলস্টিকস' রয়েছে। বৃহস্পতিবার প্যারিসের সরকারি আইনজীবীদের এক মুখপাত্র জানান, চুরি যাওয়া এ শিল্পকর্মগুলোর মূল্য ৫০ কোটি ইউরো (৪৩১ মিলিয়ন পাউন্ড)। পুলিশ ইতোমধ্যেই এ চুরির ঘটনা তদন্ত শুরু করেছে। জাদুঘরটি আইফেল টাওয়ারের কাছে সীন নদীর তীরে অবস্থিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০১৮ ঘ.