২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের ন্যাটো ঘাঁটিতে তালেবান হামলা

আফগানিস্তানে ন্যাটো বাহিনীর অন্যতম বড় একটি ঘাঁটিতে বুধবার ভোরে হামলা চালিয়েছে রকেট ও গ্রেনেডধারী আত্মঘাতী বোমা হামলাকারী জঙ্গিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 10:53 AM

Updated : 25 Aug 2022, 10:40 AM

বাগরাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটো বাহিনীর অন্যতম বড় একটি ঘাঁটিতে বুধবার ভোরে হামলা চালিয়েছে রকেট ও গ্রেনেডধারী আত্মঘাতী বোমা হামলাকারী জঙ্গিরা। এতে কমপক্ষে সাত জঙ্গি নিহত ও ছয় বিদেশি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। কাবুলে ন্যাটোর সামরিক বহরে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১২ আফগান বেসামরিক নাগরিক ও ছয় বিদেশি সেনা হত্যার একদিন পরে এ হামলা ঘটল। এ হামলা থেকে তালেবান জঙ্গিরা বিদেশি বড় বড় লক্ষ্যস্থলে অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাবুল থেকে উত্তরে এক ঘণ্টার পথ বাগরামের বিমান ঘাঁটিতে ভোরে এ হামলা চালায় জঙ্গিরা। এ ঘাঁটিতে মূলত মার্কিন সেনারাই থাকে। জঙ্গিরা ঘাঁটির ফটকের কাছে এসে তাদের সঙ্গে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়াও ঘাঁটির বাইরে থেকে তারা রকেট লঞ্চার দিয়ে গোলা নিক্ষেপের পাশাপাশি ছোট অস্ত্র দিয়েও গুলি ছুঁড়ে। এর মধ্যে একটি রকেট ঘাঁটির ভেতরে আঘাত হানলেও খুব বেশি ক্ষতি হয়নি। তবে জঙ্গিরা ঘাঁটির ভিতরে প্রবেশ করতে পারেনি বলে ন্যাটোর বরাত দিয়ে জানা গেছে। হামলার শুরুর পরপরই ন্যাটো ঘাঁটি থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে জঙ্গিদের দমন করা হয়। বাগরাম ঘাঁটির এক মুখপাত্র লে. কর্নেল ক্লারেন্স কাউন্টস বলেন,"হামলা সামাল দেওয়ার জন্য আমরা সব সময়ই প্রস্তুত থাকি। ওই সকালেও তার ব্যত্যায় ঘটেনি।" চার আত্মঘাতী হামলাকারী ক্যাম্পের বাইরে নিজেদের উড়িয়ে দিয়েছে। অন্যরা ঘাঁটির ভেতরে ঢুকতে সক্ষম হয় বলে তালেবানরা দাবি করেছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা লুৎফুল রহমান বলেন, নিরাপত্তা বাহিনী অন্য আরেক আত্মঘাতী হামলাকারীকে খুঁজছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৫০ ঘ.