সান ফ্রান্সিসকো, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুঠোফোন ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে নুতন সাইট চালু করছে ফেসবুক। আর এজন্য ৫০টি ওয়ারলেস অপারেটরের সহযোগিতা নিতে হচ্ছে।
জিরো.ফেসবুক.কম (0.facebook.com) নামের নতুন এ টেক্সট ভিত্তিক সাইটটি মূলত সীমিত ব্যান্ডইউইথের ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয় এমন মোবাইলের উপযোগী করে তৈরি করা হয়েছে।
ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া এবং তুরস্কসহ বিশ্বের ৪০টি দেশে মঙ্গলবার থেকে এ সাইট ব্যবহার করা যাবে।
গত মাসে কোম্পানির অ্যানুয়াল ডেভেলপার'স কনফারেন্সে ফেসবুকে নতুন একটি প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হয়। যার মাধ্যমে তৃতীয় কোনো সাইট থেকেও ফেসবুক ফিচারের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া যাবে।
কোম্পানিটির খসড়া এক হিসেবে জানানো হয়, ফেসবুকের ৪০ কোটি ব্যবহারকারীদের এক চতুর্থাংশই মুঠোফোনের মাধ্যমে সাইটটি ব্যবহার করে।
কিন্তু ফেসবুক চায় মুঠোফোনের মাধ্যমে এর ব্যবহার আরো বেশি সহজসাধ্য করতে যাতে করে অ্যাপল ইঙ্কের আইফোন বা গুগল ইঙ্কের অ্যানড্রয়ড সফটওয়্যার ভিত্তিক উচ্চ প্রযুক্তির মুঠোফোন যাদের নেই তারাও এটা ব্যবহার করতে পারে।
ফেসবুক জানিয়েছে, তথ্যের জন্য কোনো প্রকারের অর্থ ব্যয় ছাড়াই ওয়ারলেস অপারেটরের গ্রাহকরা ফেসবুকের নতুন এ সাইট ব্যবহার করতে পারবে।
ফেসবুকের মতোই নতুন এ সাইটেও গ্রাহকরা সংবাদ পড়তে, মন্তব্য করতে ও তথ্য আদান প্রদান করতে পারবে। তবে এতে কোনো ছবি বা ভিডিও দেখা যাবেনা।
ফেসবুকের মোবাইল বিজনেসের প্রধান হেনরি মোয়াসিনাক বলেন, "আমাদের লক্ষ্যবস্তু হলো সেসব ব্যক্তি যাদের প্রধান বাধাই হলো মোবাইল ইন্টারনেট ব্যবহারের স্বল্প অভিজ্ঞতা। তারা এটা চেষ্টা করতে চায়, তারা খুব সাধারণ কিছু, দ্রুত কিছু চায়। আর তারা সম্ভবত খরচের ব্যাপারে উদ্বিগ্ন।"
যেসব কোম্পানি একাজে ফেসবুককে সহযোগিতা করছে তার মধ্যে রয়েছে ভারতের রিলায়েন্স ও ভিডিওকন, হাঙ্গেরির টি-মোবাইল এবং গ্রিসের ভোদাফোন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০৪ঘ.
bdnews24