২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক রণক্ষেত্র, মৃতের সংখ্যা ১৯

লাল শার্ট বিক্ষোভকারী ও সেনাবাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। বিস্ফোরণ ও নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 10:23 AM

Updated : 25 Aug 2022, 10:31 AM

ব্যাংকক, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- লাল শার্ট বিক্ষোভকারী ও সেনাবাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। বিস্ফোরণ ও নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৯। সরকার বিরোধী লাল শার্ট বিক্ষোভকারীদের নেতা জতুপর্ন প্রম্পান বলেন, "বর্তমান পরিস্থিতি পুরো গৃহযুদ্ধের সামিল। এ সহিংসতার অবসান কখন ঘটবে আমি জানি না।" দুই মাস ধরে চলা বিক্ষোভে গত তিন দিনে মারা যায় ১৯ জন। এ নিয়ে নিহতের মোট সংখ্যা দাড়িয়েছে প্রায় ৫০। এএফপির চিত্রগ্রাহক শনিবার লাল শার্টদের অবস্থানস্থলের উত্তর পাশের রাস্তায় তিনটি নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ওই এলাকায় প্রবেশ করলে সরাসরি গুলি করা হবে বলে সেনাবাহিনী হুশিয়ারি দিয়েছে। ইরাওয়ান জরুরি কেন্দ্রের এক কর্মকর্তা জানান, শুক্রবার ১৬ জন মারা গেছে। তারা সবাই গুলিবিদ্ধ হয়েছে এবং সবাই থাই বাসিন্দা। এছাড়া বৃহস্পতিবার রাতে আরেকজন মারা গেছে। ওই কর্মকর্তা এএফপির চিত্রগ্রাহকের দেখা তিনটি লাশের কথা উল্লেখ করেননি। জরুরি সেবাদান বিভাগ জানিয়েছে, সংঘর্ষে ১৪১ জন আহত হয়েছে। এদের মধ্যে কানাডা, মিয়ানমার ও পোল্যান্ডের নাগরিকও রয়েছে। শনিবার ব্যাংকক জুড়ে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, সেনাবাহিনীর দমন অভিযানের মুখেও শত শত বিক্ষোভকারী নিজেদের অবস্থানে অটল রয়েছে। থাই সরকারের মুখপাত্র পানিতান ওয়াত্তানায়াগর্ন বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সেনা অভিযানও চলতে থাকবে।" তিনি জানান, শুক্রবার রাতে বেশ কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এম-সিক্সটিন গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। ফ্রান্সের টেলিভিশন টোয়েন্টিফোর জানায়, সংঘর্ষে তাদের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছে। এছাড়া দুই থাই সাংবাদিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৬১৫ ঘ.