২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানের দক্ষিণাঞ্চল সরকারের নিয়ন্ত্রণে

কিরগিজ সরকার দেশটির বিক্ষুদ্ধ দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 07:17 AM

Updated : 25 Aug 2022, 10:32 AM

অসো/বিশকেক, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজ সরকার দেশটির বিক্ষুদ্ধ দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে। শুক্রবার অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে গেলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের সমর্থকদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে দুইজন নিহত হয়। এরপরই ওই অঞ্চল নিয়ন্ত্রণে আসে বলে তারা জানিয়েছে। কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাকিয়েভের সমর্থকরা অসো ও জালাবাদের প্রশাসনিক সদর দপ্তর দখলের একদিন পরই অন্তর্বর্তী সরকার সমর্থকরা তা নিয়ন্ত্রণ নিয়েছে। বৃহস্পতিবার বাকিয়েভের সমর্থকেরা দক্ষিণাঞ্চলের জালালাবাদ, অসো ও বাতকেন প্রদেশের সরকারি সদরদপ্তর দখল করে নেয়। অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার রাতেই বাতকেনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করে। শুক্রবার সমর্থকরা অসোর সরকারি সদরদপ্তরের দিকে মিছিল করে। সেখানে রক্ষীদের সঙ্গে মারামারি করে তা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এতে মারাত্মক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানান, জালালাবাদে সরকারি ভবনের দখল নেওয়ার সময় সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় কর্মকর্তা জামির সাবিরোভ টেলিফোনে রয়টার্সকে বলেন, "সরকারের সমর্থকেরা প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং বাকিয়েভের সমর্থকেরা পালিয়ে গেছে।" এপ্রিলে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বেশ কয়েকজন নিহত হলে প্রেসিডেন্ট বাকিয়েভ রাজধানী বিশকেক থেকে দক্ষিণাঞ্চলে তার শক্ত ঘাঁটি জালালাবাদে পালিয়ে যান। বিরোধী দল পার্লামেন্ট ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করে বাকিয়েভকে আত্মসমর্পণের নির্দেশ দিলে তিনি বেলারুশে আশ্রয় নেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩০৮ঘ.