২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিসেলি সর্বাধিক উপার্জনকারী মডেল

বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও লাখ লাখ ডলার পকেটে পুরেছেন ব্রাজিলের জিসেলি বান্ডচেন, জার্মানির হেইদি ক্লাম এবং ব্রিটেনের কেট মসের মতো বিশ্বখ্যাত তারকা মডেলরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 08:17 AM

Updated : 26 Apr 2022, 01:03 AM

নিউ ইয়র্ক, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও লাখ লাখ ডলার পকেটে পুরেছেন ব্রাজিলের জিসেলি বান্ডচেন, জার্মানির হেইদি ক্লাম এবং ব্রিটেনের কেট মসের মতো বিশ্বখ্যাত তারকা মডেলরা। তবে এদের মধ্যে সেরা উপার্জনকারী ২৯ বছরের সাম্বা সুন্দরী বান্ডচেনই। মার্কিন ফুটবল খেলোয়াড় টম ব্র্যাডির স্ত্রী বান্ডচেনের গত বছরের আয় ২ কোটি ৫০ লাখ ডলার। ফোর্বস.কম এর বরাত দিয়ে এ কথা জানা গেছে। চার সন্তানের জননী ও টেলিভিশন অনুষ্ঠান রানওয়ে'র উপস্থাপিকা ৩৬ বছর বয়সী ক্লাম আছেন তালিকার দু' নম্বরে। গত বছরে তার আয় এক কোটি ৬০ লাখ ডলার। তালিকার তিন নম্বরে থাকা ৩৬ বছর বয়সী মসের আয় ৯০ লাখ ডলার। ফোর্বসের স্টিভ বার্টোনি জানান, দ্বিতীয় বছরের মতো এবারও এই মডেলরাই তালিকার শীর্ষস্থানে আছেন। এর কারণ অস্থিতিশীল অর্থনৈতিক আবহাওয়ার কারণে বিনিয়োগকারীরা নতুন মুখের পেছনে অর্থ ঢালার ঝুঁকি নিতে চায়নি। তালিকার চার নম্বরে আছেন আরেক ব্রাজিলিয়ান মডেল ২৮ বছর বয়সী আদ্রিয়ানা লিমা। তার আয় ৭৫ লাখ ডলার। ২৫ বছর বয়সী ডাচ মডেল ডুটজেন ক্রোয়েস ৬০ লাখ ডলার আয় করে তালিকার পাঁচ নম্বরে আছেন। তালিকায় একমাত্র মার্কিন মডেল হিসাবে স্থান করে নিয়েছেন ৩৬ বছর বয়সী ক্যারোলিন মারফি। ৩৫ লাখ ডলার আয় করে তার স্থান হয়েছে দশ নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪০৮ঘ.