২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি

পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 02:24 PM

Updated : 24 Aug 2022, 09:26 PM

মস্কো, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ হুঁশিয়ারি দিয়েছেন। ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা একথা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা প্রস্তাবনা ব্যর্থ হলে ইইউ একতরফাভাবে ইরানে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বারাক ওবামা প্রশাসন পশ্চিমা কোম্পানিগুলোর সঙ্গে লবি করছে যেন তারা ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক না রাখে। তবে অবরোধ এখনো আরোপ করেনি। এরই মধ্যে ইন্টারফ্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, "নিরাপত্তা পরিষদকে উপেক্ষা করে কোনো দেশ কোনো অবস্থাতেই একতরফা অবরোধ আরোপ করতে পারে না। যুক্তরাষ্ট্র আজ যে অবস্থান নিয়েছে তাতে তারা এ পরিস্কার সত্যটি বোঝে বলে বোধ হয় না।" ইরানের ওপর চতুর্থবারের মতো নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে রাশিয়া আলোচনা চালিয়ে যাচ্ছে। মস্কো আভাস দিয়েছে, তারা ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দেবে। তবে এ নিষেধাজ্ঞায় ইরানের জনগণের কোন ক্ষতি হওয়া চলবে না বলে জানিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৬ ঘ.