ত্রিপোলি, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিধ্বস্ত লিবীয় বিমানের বেঁচে যাওয়া ডাচ বালকের শারীরিক অবস্থা অনেকটা সুস্থিত হলেও তার বিস্ময়ের ঘোর এখনো কাটেনি।
বৃহস্পতিবার এক চিকিৎসক একথা জানান।
দুর্ঘটনায় ক্রুসহ ১০৩ জন যাত্রী মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে যায় ওই বালক।
ত্রিপোলির হাসপাতালে চিকিৎসাধীন ওই বালকের বর্তমান অবস্থা সম্পর্কে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে ডাক্তার বলেন, "ওই শিশুর পায়ে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়েছে। তার পায়ে ছোটখাটো চিড় ছাড়াও বড় ধরনের চিড়ও ছিল।" এ সময় ভাঙা পায়ের ছবিও দেখানো হয টেলিভিশনে।
তিনি বলেন, "বুধবার রাতে সে জেগে ওঠে এবং তার অবস্থাও বেশ ভালো। তবে সে পারিপার্শ্বিকতার সঙ্গে এখনো স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছে না। সে অনেকটাই হতভম্ব।"
লিবীয় কর্তৃপক্ষ ওই বালকের ডাচ নাগরিকত্বের পরিচয় উদ্ধার করেছে। সরকারি বার্তা সংস্থা জানা জানায়, তার নাম রুবেন ভ্যান আচুট।
ওলন্দাজ দৈনিক বাবান্টস দাগব্ল্যাড জানায়, সম্ভবত ওই বালক দক্ষিণ নেদারল্যান্ডের টিলবার্গের ৯ বছর বয়সী রুবেন ভ্যান আসুউ হতে পারে। যে তার মা ট্রুড (৪১), বাবা প্যাট্রিক (৪০) এবং ভাই এনজো(১১)'র সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিল।
ওলন্দাজ কর্তৃপক্ষ অবশ্য নয় বছর বয়সী ওই বালকের নাম রুবেন এবং তার বাড়ি টিলবার্গ নিশ্চিত করলেও তার ডাক নাম এখনও নিশ্চিত করেনি।
লিবিয়ার পরিবহনমন্ত্রী মোহাম্মদ আলী জিদান জানান, বুধবার সকালে জোহানেসবার্গ থেকে যাত্রা করা আফ্রিকিয়া এয়ার ওয়েজের এ৩৩০ বিমানটি ত্রিপোলি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানের ১১ জন ক্রুসহ ১০৩ জন যাত্রী মারা যায়।
ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ৬১ জন যাত্রীই ছিল ডাচ। যারা নেদারল্যান্ডস থেকে দক্ষিণ আফ্রিকায় 'হলিডে প্যাকেজ'র আওতায় ছুটি কাটিয়ে ফিরছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৩২ ঘ.
bdnews24