পোর্ট ফোরচন, লা/ ওয়াশিংটন, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লুইজিয়ানা উপকূলে তেল ছড়িয়ে পড়া বন্ধে মঙ্গলবার হেলিকপ্টার ও বুলডোজার নিয়ে কাজ শুরু করেছে সেনাবাহিনী। এতে সহযোগিতার জন্য কারাবন্দীদের কাজে লাগানো হয়েছে।
২০ এপ্রিল মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের ফলে তেল নিঃসরণ শুরু হয়। এরপর থেকে প্রতিদিন প্রায় ৫ হাজার ব্যারেল তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রের পানিতে। ঐ বিস্ফোরণে খনিতে কর্মরত ১১ শ্রমিক মারা যায়।
পোর্ট ফোরচুনে লুইজিয়ানার ৭৬৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আর্মি ন্যাশনাল গার্ডের সেনা ও কারাবন্দীরা লাল প্যান্ট ও সাদা টি শার্ট পরে পিঠে ১ হাজার পাউন্ডের (৪৫০ কেজি) বালুর ব্যাগ নিয়ে এক সঙ্গে কাজ করছে।
এরপর দূরবর্তী দ্বীপ ও সমুদ্র তীরের মধ্যবর্তী স্থান দিয়ে পানি চলাচল রোধে বালু ভর্তি ব্যাগগুলো হেলিকপ্টারে করে ফেলা হচ্ছে। এসব স্থান দিয়েই বন্য প্রাণী ও সামুদ্রিক মাছে পরিপূর্ণ জলাভূমিতে তেল ছড়িয়ে পড়তে পারে।
কর্তৃপক্ষ আশা করছে, নিঃসৃত তেল এভাবে তারা জলাভূমিতে পৌঁছাতে বাধা দিতে পারবেন। এসব জায়গায় একবার তেল পৌঁছে গেলে তা পরিষ্কার করা খুব কঠিন হয়ে যাবে।
এ ঘটনার জন্য কে দায়ী- তা নিয়ে একদিকে তেল কোম্পানির নির্বাহীরা একে অপরকে দোষারোপ করছে। তারা তেল নিঃসরণ বন্ধেও ব্যর্থ হয়েছে। অন্যদিকে সেনাবাহিনী ও বেসামরিক কর্তৃপক্ষ উপকূলের পরিবেশগত ক্ষতি কমানোর ওপরই জোর দিয়েছে।
কংগ্রেসের শুনানির প্রথম দুদিনে বিপি আমেরিকা ইঙ্কের প্রেসিডেন্ট লামার ম্যাককে, ট্রান্সওসিয়ান লিমিটেডের প্রেসিডেন্ট স্টিভেন নিউম্যান এবং হালিবার্টন কোম্পানির ঊর্ধ্বতন এক নির্বাহী টিম রবার্ট সিনেটরদের তোপের মুখে পড়েন।
রিপাবলিকান দলের সিনেটর জন বারাসকো বলেন, "আমি একটি কথাই শুনছি আর তা হলো: 'আমাকে দোষারোপ করো না।"
এ কোম্পানি তিনটি মেক্সিকো উপসাগরে তেলকূপ খনন কাজের সঙ্গে জড়িত। দুর্ঘটনার পর থেকেই তারা কঠোর রাজনৈতিক চাপের মুখে পড়েছে।
বিস্ফোরণের পর প্রতিদিন হাজার হাজার ব্যারেল তেল সমুদ্্েরর পানিতে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়া এ তেল উপকূলীয় এলাকাসহ চারটি রাজ্যে বন্য প্রাণীদের বেঁচে থাকা, মৎস্য আহরণক্ষেত্র, জাহাজ চলাচল ও পর্যটন শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফলে উপকূলের ওপর ব্যাপক অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব পড়তে পারে।
মার্কিন সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তেল নিঃসরণের প্রভাব ভয়াবহ হতে পারে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির লিসা জ্যাকসন বলেন, "সমুদ্র তলদেশ থেকে তেল নিঃসরণ বন্ধ করতে না পারলে এমন ক্ষতিকর প্রভাব পড়তে পারে যা আমরা কখনও দেখিনি।"
এদিকে লন্ডনের শেয়ার বাজারে ব্রিটিশ তেল কোম্পানি বিপির শেয়ারের দর অধিকাংশ দিন কম থাকলেও এখন কিছুটা কাটিয়ে উঠেছে। এ দুর্ঘটনার পরই কোম্পানিটির শেয়ারের মূল্য ১৫ শতাংশেরও বেশি কমে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২২ঘ.
bdnews24