নয়া দিল্লি, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)-ভারতে ১৯৯৪ সাল থেকে ২০০৭ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ৫৮ শতাংশ বেড়েছে। অতিমাত্রায় শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার ও পরিবহন ব্যবস্থার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারি হিসাবে মঙ্গলবার একথা বলা হয়েছে।
প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানান পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ।
এক লিখিত বিবৃতিতে রমেশ জানান, ১৯৯৪ ও ২০০৭ সালের মধ্যে সিমেন্ট ও বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহনসহ বেশ কিছু খাতের কারণে গ্রীণ হাউজ গ্যাস নির্গমন উল্লেখযোগ্য হারে বেড়েছে।
১৯৯৪ সালে ভারতে কার্বন নির্গমনের হার ছিলো ১ দশমিক ২৫ বিলিয়ন টন। ২০০৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৯০ বিলিয়ন টনে।
তবে রমেশ বলেন, তারপরও ২০০৭ সালে যুক্তরাষ্ট্র ও চীন ভারতের চেয়ে প্রায় চার গুণ বেশি কার্বন নির্গমন করেছে।
যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ। কার্বন নির্গমন কমাতে এ দু' দেশের মতবিরোধের কারণে গত বছর কোপেনহেগেন জাতিসংঘ জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়।
ডিসেম্বর কোপেনহেগেন সম্মেলনে ২০২০ সালের মধ্যে ২০০৫ সালের তুলনায় কার্বন নির্গমন ২০ থেকে ২৫ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছিল ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৪৫ ঘ.
bdnews24