২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে সরকার গঠন নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে

ব্রিটেনের নির্বাচনী অচলাবস্থার মুখে দলকে ক্ষমতায় রাখতে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর নাটকীয় ঘোষণার পর নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 01:23 PM

Updated : 24 Aug 2022, 09:22 PM

লন্ডন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ব্রিটেনের নির্বাচনী অচলাবস্থার মুখে দলকে ক্ষমতায় রাখতে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর নাটকীয় ঘোষণার পর নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার তিনটি প্রধান রাজনৈতিক দল আরো জোর আলোচনা চালিয়েছে। এর মধ্য দিয়ে জোরাল হয়ে উঠছে লিবারেল ডেমোক্র্যাটের সঙ্গে কনজারভেটিভের চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা। কনজারভেটিভ এবং লেবার দু'দলের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে নিক ক্লেগের লিবডেম। যদিও লিবডেম ও লেবার কোয়ালিশন সরকার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। কনজারভেটিভ পার্টি ইতোমধ্যেই লিবারেল ডেমোক্রেট পার্টি বা লিব ডেমকে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে। একটি স্থিতিশীল ও শক্তিশালী সরকার গঠনের জন্য এবং নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনার প্রস্তাব দিয়ে লিব ডেমকে জোট গঠনের প্রস্তাব দিয়েছেন ক্যামেরন। উল্লেখ্য, লিব ডেমের অন্যতম দাবি নির্বাচনের প্রচলিত পদ্ধতি পরিবর্তন করা। যে পদ্ধতিতে ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচিত হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন লিব ডেমকে বলেছেন, "আমার মতে, এখন লিবারেল ডেমোক্রেটদের সিদ্ধান্ত নেওয়ার সময়। আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে।" ওদিকে, লিব ডেম নেতা নিক ক্লেগও আলোচনা 'চূড়ান্ত এবং জটিল' পর্যায়ে পৌঁছেছে জানিয়ে বলেন, "অন্য সবার মতো সিদ্ধান্তের জন্য আমিও অধৈর্য হয়ে উঠেছি।" যত শিগগির সম্ভব সমাধানে পৌঁছার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান। সোমবার রাত থেকে লেবার ও লিবারেল ডেমোক্র্যাট আলোচনা শুরু হয়। ৬ মে অনুষ্ঠিত ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন না করায় তৃতীয় দল লিবারেল ডেমোক্র্যাট রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্রাউনের পদত্যাগের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নিক ক্লেগ। দুপক্ষের মধ্যে সম্ভাব্য ক্ষমতা ভাগাভাগি চুক্তির জন্য এটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ব্রাউন লেবার পার্টির প্রধান থাকলে তাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগিতে যাবেন না বলে নির্বাচনের আগে ইঙ্গিত দিয়েছিলেন ক্লেগ। ক্লেগ বলেন, "স্থিতিশীল একটি সরকার গঠনের দিকে এগিয়ে যাওয়ার পথে ব্রাউনের এ ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এএইচ/এলকিউ/১৯২১ ঘ.