২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে অচলাবস্থা কাটার লক্ষণ নেই

থাইল্যান্ডে সরকার বিরোধী আন্দোলনকারী লাল শার্টরা নতুন দাবিতে আন্দোলন অব্যাহত রাখায় অচলাবস্থা কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। লাল শার্টদের নতুন দাবি অস্পষ্ট বলে মঙ্গলবার জানিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 11:28 AM

Updated : 24 Aug 2022, 09:22 PM

ব্যাংকক, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সরকার বিরোধী আন্দোলনকারী লাল শার্টরা নতুন দাবিতে আন্দোলন অব্যাহত রাখায় অচলাবস্থা কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। লাল শার্টদের নতুন দাবি অস্পষ্ট বলে মঙ্গলবার জানিয়েছে সরকার। ফলে দু' মাস ধরে চলমান আন্দোলনের সমাপ্তি টানা সহসা সম্ভব হচ্ছে না। গত মাসে সেনাদের সঙ্গে সংঘর্ষে ২৫ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় থাই উপ-প্রধানমন্ত্রীকে যতক্ষণ না দায়ী করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে লাল শার্টরা। সরকারের মুখপাত্র পানিতান ওয়াত্তানায়াগর্ন বলেন, "সরকার যথাসাধ্য করেছে। এটা আমার কাছে পরিষ্কার নয়, আসলে তারা কী চাচ্ছে। তাই আমাদের পক্ষেও সম্ভব হচ্ছে না, যে বিষয়টি আমরা বুঝতে পারছি না সে বিষয়ে সাড়া দিতে।" প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার প্রস্তাবিত ১৪ নভেম্বরে নির্বাচনের ঘোষণা মেনে নিয়েছে লাল শার্টরা। যারা আনুষ্ঠানিকভাবে 'দ্য ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি এগেন্স্ট ডিকটেটরশিপ' (ইউডিডি) নামে পরিচিত। কিন্তু এরপরই তারা নতুন দাবি জানিয়েছে। উপ-প্রধানমন্ত্রী সুথেপ থগসুবানের বিরুদ্ধে পুলিশি অভিযোগ আনতে হবে। ফলে দু' মাস ব্যাপী চলা এ আন্দোলনের শান্তিপূর্ণ সমাপ্তি নতুন সঙ্কটে পড়েছে। ইতিমধ্যে এ আন্দোলনে ২৯ জন প্রাণ হারিয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক খ্যাত লাল শার্টরা আগাম নির্বাচনের দাবিতে মার্চ মাসের মাঝামাঝিতে সরকার বিরোধী আন্দোলন শুরু করে। মঙ্গলবার সুথেপকে গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট অব স্পেশাল ইনভেস্টিগেশন (ডিএসআই) এর কাছে হাজির হয়েছে তার বিরুদ্ধে আনীত অভিযোগ শুনতে। রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণার মূল নায়ক ছিলেন সুথেপ। ডিএসই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সুথেপ বলেন, "আমি মনে করি তারা এভাবেই বিষয়টি পেঁচাবে এবং নতুন নতুন শর্ত খুঁজবে। তবে আমরা যাই করি না কেন, তাতে তাদের শর্ত পূরণ হবে না। বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়ার মাধ্যমে আমরা আন্তরিকতার ব্যাপারটি স্পষ্ট করতে চাইছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭২৫ ঘ.