লন্ডন, মে ১০ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)----যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র বানাতে ইরানের এখনো এক দশকের বেশি সময় লাগবে। লন্ডনভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান সোমবার একথা জানিয়েছে।
ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অগ্রগতির সময়ের দিকটিতে গভীরভাবে নজর রেখেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরি করছে। তাই এ কর্মসূচি প্রতিরোধ করতে ওয়াশিংটন তেহরানের ওপর নতুন করে জাতিসংঘের চার দফা অর্থনৈতিক অবরোধ আরোপের জন্য চাপ দিচ্ছে।
এ অভিযোগ অস্বীকার করে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য পরমাণু কর্মসূচি চালাচ্ছে বলে দাবি করে আসছে ইরান ।
'ইন্টারন্যাশনাল ইন্সটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ' এর (আইআইএসএস) প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু সক্ষমতা বাড়ানো প্রকল্পের সঙ্গে ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিও জড়িত বলে মনে করা হচ্ছে। সীমান্ত পেরিয়ে আঘাত হানতে সক্ষম পরমাণু ওয়ারহেড তৈরির সক্ষমতা অর্জন করা ইরানের পরমাণু কর্মসূচির লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরান পাঁচ হাজার পাঁচশ' কিলোমিটারের বেশি দূরে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় দূর পাল্লার ক্ষেপণাস্ত্র বানানোর আগে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বানানোর চেষ্টা করছে।
আইআইএসএস বলেছে, "ইরানের রেভোল্যুশনারী গার্ডের ক্ষেপণাস্ত্র ও রকেট লাঞ্চারের ইতিহাস ও প্রযুক্তিগত অবস্থার উন্নয়ন বিবেচনায় বলা যায়, নয় হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানানোর আগে তেহরান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বানাবে।"
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম দূর পাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হবে বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স ২০০৯ সালের মে মাসে এক সমীক্ষায় জানিয়েছে। এর আগে ওই সমীক্ষায় ক্ষেপণাস্ত্র তৈরির সময়সীমা ২০১৪ থেকে ২০১৫ বলা হয়েছিল।
তবে এ বছরের ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত বিদেশী সহায়তা নিয়ে ইরান ২০১৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/এলকিউ/ ২১৪৯ ঘ.
bdnews24