২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১ লাখ কোটি ডলার জরুরি তহবিল দিতে সম্মত ইইউ, আইএমএফ

বিশ্ব অর্থ বাজারকে স্থিতিশীল রাখার পাশাপাশি গ্রিসের ভয়াবহ ঋণ সঙ্কট যাতে ইউরোকে ধ্বংস করতে না পারে, সেজন্য প্রায় ১ লাখ কোটি ডলার জরুরি তহবিল দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 08:54 AM

Updated : 24 Aug 2022, 09:20 PM

ব্রাসেলস, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব অর্থ বাজারকে স্থিতিশীল রাখার পাশাপাশি গ্রিসের ভয়াবহ ঋণ সঙ্কট যাতে ইউরোকে ধ্বংস করতে না পারে, সেজন্য প্রায় ১ লাখ কোটি ডলার জরুরি তহবিল দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। দীর্ঘস্থায়ী বৈঠক শেষে সপ্তাহান্তে এ উদ্ধার প্যাকেজ অনুমোদন করে ইইউ, সেন্ট্রাল ব্যাংক ও আইএমএফ। গত দু' বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় উদ্ধার প্যাকেজ। এত বড় আর্থিক সহায়তা অর্থনৈতিক বিশেষজ্ঞদেরও অবাক করেছে। এরই মধ্যে এশিয়ার বাজারে ইউরোর দর ২ শতাংশ বেড়ে গেছে। এ সম্পর্কে ইইউ অর্থ বিষয়ক কমিশনার ওল্লি রেন এক সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার প্যাকেজের পরিমাণ এটাই প্রমাণ করে, যেভাবেই হোক, আমরা ইউরোকে রক্ষা করবই। অর্থ বাজারকে স্থিতিশীল করতে এর আগে এত বিশাল কোনো জরুরি অর্থ সহায়তার পদক্ষেপ নেয়নি ২৭টি দেশের সমন্বয়ে গঠিত ইইউ। ইইউ'র ১৬টি দেশে একক মুদ্রা প্রচলিত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত গ্রিসের ঋণের পরিমাণ রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় এ উদ্ধার প্যাকেজের ঘোষণা আসে। তাছাড়া এর নেতিবাচক প্রভাব এরই মধ্যে পর্তুগাল, স্পেন ও আয়ারল্যান্ডের মতো দেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে। সুইডেনের অর্থমন্ত্রী যাকে 'নেকড়ে দল'র আচরণ বলে অভিহিত করেছেন। ১ লাখ কোটি ডলার উদ্ধার প্যাকেজের মধ্যে ইউরো অঞ্চলের দেশগুলো চারশ' ৪০ বিলিয়ন ইউরো দেওয়ার গ্যারান্টি দিয়েছে। সেইসঙ্গে ৬০ বিলিয়ন ইউরোর যন্ত্রাংশ সহায়তাও থাকছে। ইইউ অর্থমন্ত্রীরা জানান, আশা করা হচ্ছে আইএমএফ আরও আড়াইশ' বিলিয়ন ইউরো দেবে। অর্থাৎ সাড়ে সাত শ' ইউরো। মানে প্রায় এক লাখ কোটি ডলার। আইএমএফ প্রধান ডমিনিক স্ট্রস-কান অবশ্য সুনির্দিষ্ট করে কিছু বলেননি। তবে তিনি বলেন, আইএমএফ'র যে কোনও পদক্ষেপ দেশের সঙ্গে দেশ ভিত্তিতে হবে। এদিকে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত অর্থ বাজার সহায়তা দিতে ইউরো অঞ্চলের সরকারের কাছ থেকে বন্ড কিনবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪১৫ঘ.