নিপিদো, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)---মিয়ানমারে এ বছর অনুষ্ঠেয় নির্বাচনের জন্য প্রণীত আইন অনুযায়ী বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিলুপ্ত হয়েছে। ওদিকে, দলের একাংশ নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে।
নির্ধারিত সময়ে নির্বাচনের জন্য নাম নিবন্ধন না করায় বৃহস্পতিবার মধ্যরাতে সরকার 'এনএলডি' কে বিলুপ্ত ঘোষণা করে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা এএফপিকে বলেন, আইন অনুযায়ী, "এনএলডি আর বৈধ নিবন্ধনভুক্ত দল নয়।"
জান্তা সরকার প্রণীত নতুন আইন অনুযায়ী এনএলডিকে টিকে থাকতে হলে দলীয় নেত্রীকে বহিস্কার কওে ৬ মে'র মধ্যে নাম পুননিবন্ধন করতে হত। কিন্তু এনএলডি তা অস্বীকার করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
আর একারণেই দল ছেড়ে বেরিয়ে গিয়ে নির্বাচন করতে নতুন দল গঠন করার ঘোষণা দিয়েছেন এনএলডি'র কয়েকজন নেতা।
এনএলডি'র একজন ঊর্ধ্বতন সদস্য রয়টার্সকে জানিয়েছেন, এনএলডি পার্টি ছেড়ে চলে গিয়ে কয়েকজন মিলে নতুন একটি দল গঠন করবে। নতুর দলের নাম হবে ন্যাশনাল ডেমোক্র্যাসি ফোর্স (এনডিএফ)।
সাবেক এনএলডি পার্টির সদস্য খিন মং সু টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য আমরা অনুমতি চাইবো।
তিনি আরও জানান, নতুন এনডিএফ পার্টির নেতৃত্ব দিবেন থান নিয়েন।
এছাড়া, এনএলডির সাবেক সদস্য উয়িন নেইং এবং তিয়েন নিউনাট ও নতুন দলে যোগ দিয়েছেন।
২৯ মার্চ এনএলডি পার্টির কার্যনিবাহী সদস্যদের ভোটে সেনাবাহিনীর প্রহসণমূলক নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়। কারণ, অন্যায় নির্বচনী আইনের কারণে দলটির অনেক শীর্ষ সদস্যই নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এনএলডির দীর্ঘদিনের মুখপাত্র নিয়ান উইন বলেন, দলের সদস্যরা মিয়ানমারের প্রধান নগরীতে অবস্থিত দলের সদও দপ্তর থেকে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি বলেন, কর্তৃপক্ষ এখনো আমাদের কিছু জানায়নি। তবে এটি আইন অনুযায়ী করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৫৫ ঘ.
bdnews24