মুম্বাই, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- ভারতে মুম্বাই হামলায় বেঁচে যাওয়া একমাত্র জঙ্গি মোহাম্মদ আজমল কাসাবকে বৃহস্পতিবার ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মুম্বাইয়ের বিশেষ আদালতে বিচারক এম এল তাহিলিয়ানি কাসাবকে এ মৃত্যুদণ্ড দেন। অকাট্য তথ্যপ্রমাণের ভিত্তিতে কাসাবের মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে মন্তব্য করেন তিনি।
তাহিলিয়ানি বলেন, তথ্যপ্রমাণে দেখা গেছে, খুবই সতর্ক এবং সুসংগঠিতভাবে হামলা পরিকল্পনা করা হয়েছিল।
তিনি বলেন, "তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।"
রায় ঘোষণার সময় মাথা নীচু করে বসে থাকা কাসাব হাত দিয়ে চোখের পানি মুছছিল আর আঙুল দিয়ে কান চেপে ধরছিল।
ওদিকে, প্রধান কৌসুলি উজ্জ্বল নিকাম বলেন, কাসাবকে জীবীত রাখাটাই অপরাধ বলে গণ্য হত-- কাসাবের মৃত্যুদণ্ড এ বার্তাই বহন করছে।
তিনি বলেন, "কাসাবের মতো সন্ত্রাসীকে সহ্য করা যায় না। তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।"
মুম্বাই হামলায় স্বজন হারানোরা এ রায়ে খুশি। হামলায় ছেলে ও বউ হারানো সেভান্তি পারেখ ছল ছল চোখে বলেন, "আমি খুশি।" এর মধ্য দিয়ে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মন্তব্য করেন তিনি।
আদালত গত সোমবার কাসাবকে দোষী সাব্যস্ত করে।
সোমবারের রায়ে বিচারক এমএল তাহালিয়ানি বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা এবং সিএসটি (ট্রেন স্টেশনে) মানুষ হত্যা, সরকারি কর্মকর্তাদের হত্যা এবং অন্য ৯ জন সন্ত্রাসীকে সহযোগিতা করার অভিযোগে কাসাব দোষী সাব্যস্ত হয়েছে।
২০০৮ সালে তিনদিন ধরে চলা মুম্বাই হামলার প্রথমদিন রাতেই পুলিশ মোহাম্মদ আজমল কাসাবকে একমাত্র জীবিত হামলাকারী হিসেবে আহত অবস্থায় আটক করে। হামলায় ১৬৬ জন মানুষ নিহত হয়।
কাসাব ভারতের বিরুদ্ধে যুদ্ধ ও হত্যাসহ মোট ৮৬টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়।
আইনজীবীদের অভিযোগ, কাসাব ওই হামলার সময় মুম্বাইয়ের প্রধান ট্রেন স্টেশনে সশস্ত্র হামলা চালায়। এসময় তার সঙ্গে একটি একে ৪৭ রাইফেল ছিল। জনবহুল স্টেশনে প্রায় ৬০ কে হত্যা করে সে।
পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈয়্যবার সদস্য ও হামলায় সহযোগিতার অপরাধে দুই ভারতীয়কেও অভিযুক্ত করা হয়েছে। তাদেরও বিচার চলছে।
এ ঘটনায় সম্পৃক্ত সন্দেহে ভারত ৩৮ জনকে অভিযুক্ত করেছে। এদের বেশিরভাগই পাকিস্তানে বসবাসকারী বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৫১৮ঘ.
bdnews24