লন্ডন, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দরিদ্র দেশগুলোতে ১৫ থেকে ৪৫ বছর বয়সী নারীদের ভিটামিন 'এ' খাওয়ালে মাতৃমৃত্যু হার কমে না। মঙ্গলবার ব্রিটিশ বিজ্ঞানীরা একটি গবেষণাপত্রে একথা জানিয়েছেন।
নতুন এ গবেষণায় আগের গবেষণাগুলোর সম্পূর্ণ বিপরীত ফল পাওয়া গেছে। আগের গবেষণায় বলা হয়েছিল, ভিটামিন 'এ' নাটকীয়ভাবে মাতৃমৃত্যু হার কমায়।
গবেষকরা ঘানায় প্রায় ২ লাখ ৮০ হাজার নারীর ওপর গবেষণাটি পরিচালনা করেছেন।
তারা নারীদের দুভাগে বিভক্ত করে একদলকে ভিটামিন 'এ' খাওয়ান এবং অন্যদলকে ডামি ট্যাবলেট খাওয়ান।
ফলে দেখা গেছে, যাদের ভিটামিন 'এ' খাওয়ানো হয়েছে এবং যাদের খাওয়ানো হয়নি তাদের মধ্যে মাতৃমৃত্যু হারের তেমন কোনো পার্থক্য নেই।
এ গবেষণার নেতৃত্ব দেন লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনের পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেটি কার্কউড। তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, মাতৃমৃত্যু হার হ্রাসে ভিটামিন 'এ' এর ভূমিকা নেই।
এ গবেষণায় যাদের ভিটামিন 'এ' খাওয়ানো হয়েছিল তাদের ৩৯ হাজার ৬০১ জন গর্ভবতী নারীর মধ্যে গর্ভকালীন জটিলতায় মারা গেছে ১৩৮ জন।
অন্যদিকে, যাদের ভিটামিন 'এ' খাওয়ানো হয়নি তাদের ৩৯ হাজার ২৩৪ গর্ভবতী নারীর মধ্যে ১৪৮ জন গর্ভকালীন জটিলতায় মারা যায়। পরিসংখ্যান অনুযায়ী, মাতৃমৃত্যুর এ হারে খুব একটা পার্থক্য নেই।
কার্কউড উল্লেখ করেন, তার গবেষণার ফল ভিটামিন 'এ' নিয়ে নেপালে পরিচালিত গবেষণার ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে, নারীদের ভিটামিন 'এ' খাওয়ালে মাতৃমৃত্যুহার শতকার ৪৪ শতাংশ কমে যায়।
তিনি আরো বলেন, দুটি গবেষণার এ ধরনের বিপরীতমুখী ফলাফল থেকে বোঝা যায়, শুধু একটি গবেষণার উপর ভিত্তি করে মাতৃস্বাস্থ্য নীতিতে পরিবর্তন আনা ঠিক হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৭ ঘ.
bdnews24