২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্ত্রো, মোরালেসকে টুইটারে ডাকলেন শ্যাভেজ

জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক টুইটারে অ্যাকাউন্ট খুলে দু'দিনে ১ লাখ ৬০ হাজার ভক্ত পেয়েছেন ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 03:20 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

কারাকাস, এপ্রিল ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক টুইটারে অ্যাকাউন্ট খুলে দু'দিনে ১ লাখ ৬০ হাজার ভক্ত পেয়েছেন ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। এমন জনপ্রিয়তায় বিমোহিত শ্যাভেজ তাই তার বন্ধু কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো ও বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকেও টুইটারে অ্যাকাউন্ট খোলার আমন্ত্রণ জানিয়েছেন। ভেনেজুয়েলায় সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলো স্যোশালিস্ট সরকার বিরোধীদের আখড়া হয়ে উঠেছে বলে কয়েকমাস ধরে অসন্তোষ প্রকাশ করে আসার পর শ্যাভেজ চলতি সপ্তাহে টুইটারে অ্যাকাউন্ট খোলেন এবং প্রচুর ভক্তও পেয়ে যান। বিমোহিত শ্যাভেজ তখন নিজের টুইটার পেজে দুটি বার্তা পোস্ট করে বলেন, "এর যে সম্ভাবনা...তা পুঁজিবাদী নয়, সমাজতন্ত্রীও নয়, এটি নির্ভর করে কীভাবে এটি ব্যবহার করা হচ্ছে তার ওপর।" বলিভিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এক ছাগলের খামার পরিদর্শনের সময় শ্যাভেজ বলেন, "আমি ইভো আর ফিদেলকে আমন্ত্রণ জানাই। ইভো...আপনি কি টুইটারে আছেন? আসুন, টুইটারে ইভোকে আমন্ত্রণ জানাই।" মোরালেস ও কাস্ত্রো দুজনই শ্যাভেজের ঘনিষ্ঠ মিত্র। মার্কিন সাম্রাজ্যের কঠোর সমালোচক হিসাবে লাতিন আমেরিকার এ তিন নেতা ব্যাপকভাবে পরিচিত। শ্যাভেজ তার দ্বিতীয় টুইটার বার্তায় বলেন, "এ এক অপ্রত্যাশিত বিস্ফোরণ। ধন্যবাদ।" শ্যাভেজের সমালোকরা বলছে, কিউবার পদাঙ্ক অনুসরণ করে শ্যাভেজও ইন্টারনেটে সেন্সর চালানোর পরিকল্পনা করছেন। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার তিনি বলেন, "কাউকেই সমালোচনা করবেন না, আমরা এখানে ইন্টারনেট ব্যবহার বাড়াতে সহায়তা করছি।" তার গত ১১ বছরের শাসনামলে ভেনেজুয়েলায় ইন্টারনেট ব্যবহার বেড়েছে। বিশেষ করে দরিদ্রদের মধ্যে। শ্যাভেজের টুইটারে যোগ দেওয়ার কথা শুনে ভেনেজুয়েলাবাসীর অনেকেই হেসেছিল। তারা ভাবতেও পারেনি তাদের এ বিখ্যাত বাগ্মী নেতা যিনি দিনে অন্তত কয়েক ঘণ্টা কথা বলে ব্যয় করেন, তিনি কীভাবে মাত্র ১৪০ শব্দের এ টুইটার সেবায় কাজ সারবেন। শ্যাভেজের টুইটার অ্যাকাউন্টের নাম: @chavezcandanga. যার অর্থ বিপ্লবী শ্যাভেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১১৩ ঘ.