২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূল ছুঁয়েছে তেল, বিপর্যয় ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র

মেক্সিকো উপসাগরে গত সপ্তাহে তেলকূপ বিস্ফোরণের পর থেকে নিঃসৃত তেল শুক্রবার লুইজিয়ানা উপকূল ছুঁয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছেন লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 01:07 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

ওয়াশিংটন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মেক্সিকো উপসাগরে গত সপ্তাহে তেলকূপ বিস্ফোরণের পর থেকে নিঃসৃত তেল শুক্রবার লুইজিয়ানা উপকূল ছুঁয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছেন লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল। মরিয়া হয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। লুইজিয়ানার সমুদ্রতট এলাকাগুলোয় অশোধিত তেল ছড়িয়ে পড়তে শুরু করেছে কিনা তা খতিয়ে দেখে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মার্কিন এক উপকূলরক্ষী। অন্যদিকে, লুইজিয়ানার গভর্নর রাজ্যে জরুরি অবস্থা ঘোষণার পাশপাশি তেল পরিস্কার করার অভিযানে ৬ হাজার জাতীয় উপকূলীয় গার্ড সেনা নিয়োজিত করার জন্য ফেডারেল তহবিল আহ্বান করেছেন। তেল ছড়িয়ে পড়ে লুইজিনায় বিস্তীর্ণ উপকূলে সামুদ্রিক প্রাণী জগত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে মিসেসিপি, এলাবামা ও ফ্লোরিডাতেও মৎস চাষ ও বন্যপ্রাণীজগত ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। পাস এ লোত্রে বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে ভেনিসের ছোট্ট একটি উপকূলীয় এলাকায় ফিরে এসে এক উপকূল কর্মকর্তা এএফপিকে জানান, তেল বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় ঢুকে পড়ছে। তিনি বলেন, এর মানে আমরা মারা পড়ব। লুইজিয়ানার ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের মৎস শিল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, মৎস বাণিজ্য এরকম বাজে পরিস্থিতিতে কখনো পড়েনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম এ পরিবেশ বিপর্যয় সামাল দিতে সবরকম সহায়তা করার প্রতিশ্র"তি দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইতোমধ্যেই কাজে নামানো হয়েছে মার্কিন নৌ বাহিনীকে। একইসঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারিসহ উচ্চ-পর্যায়ের মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদেরকেও উপদ্রুত অঞ্চলে পাঠিয়েছেন ওবামা। ব্রিটিশ পেট্রোলিয়াম সংস্থা এবং যুক্তরাষ্ট্র সরকার তেল ঠেকাতে সম্ভাব্য সবকিছু করছে কিনা তা নিশ্চিত করাই কর্মকর্তাদের কাজ বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র শুক্রবার তেল ঠেকানোর জোর চেষ্টা নিয়েও তেল নিঃসরণ বন্ধ করতে পারেনি। দৈনিক ৫ হাজার গ্যালন তেল নিঃসৃত হয়ে পনিতে মিশে যাচ্ছে। সেইসঙ্গে প্রকৃতির প্রতিকূলতার কারণে খুব শিগগিরই তেল নিঃসরণ বন্ধ করতে সফল হওয়ার আশা করা যাচ্ছে না। মেক্সিকো উপসাগরে তলকূপ বিস্ফোরণে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ব্যাপকহারে এই তেল ছড়িয়ে পড়া এবং ক্ষয়ক্ষতির জন্য বৃহস্পতিবার ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) কে এককভাবে কে দায়ী করেছেন ওবামা। রোজ গার্ডেনে অনুষ্ঠিত একটি শিক্ষামূলক অনুষ্ঠানে ওবামা এ দোষারোপ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৪৬ ঘ.