২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়েছে তেল নিঃসরণ, হুমকির মুখে লুইজিয়ানা উপকূল

মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে আগের চেয়ে পাঁচগুণ বেশি তেল নিঃসৃত হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলসহ চারটি উপকূলীয় রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 11:50 AM

Updated : 24 Aug 2022, 08:59 PM

হিউস্টন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে আগের চেয়ে পাঁচগুণ বেশি তেল নিঃসৃত হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলসহ চারটি উপকূলীয় রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। বুধবার এক মার্কিন উপকূলরক্ষী একথা জানিয়েছেন। উপকূলরক্ষী রিয়ার অ্যাডমিরাল ম্যারি ল্যান্ড্রি জানান, লুইজিয়ানা উপকূলে সাগরতলের পাঁচ হাজার ফুট গভীরে তেলকূপের তিন নম্বর ফুটো খুঁজে পাওয়া গেছে। তেলকূপের পরিচালক সংস্থা ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) সবেমাত্র তাকে একথা জানিয়েছে বলে জানান তিনি। তেল নিঃসরণের মাত্রা আগের হিসাব ছাড়িয়ে গেছে। তেল নিঃসৃত হচ্ছে ৫ গুণ বেশি হারে, দৈনিক ৫ হাজার ব্যারেল। ওদিকে, যুক্তরাষ্ট্র সরকারের 'ন্যাশনাল ওসেনিক এন্ড এটমোসফেরিক এডমিনিসস্ট্রেশন' (এনওএএ) বলেছে, দিনে ২ লাখ গ্যালনেরও বেশি তেল নিঃসৃত হচ্ছে বলে ধারণা করছে তারা। তবে বিপি তেলকূপে নতুন ফুটোর কথা স্বীকার করলেও তেল নিঃসরণ আগের মতোই আছে (দৈনিক ১ হাজার ব্যারেল) বলে দাবি করেছে। বুধবার লুইজিয়ানা উপকূল বরাবর ২৩ মাইল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে। বাতাসের গতি পরিবর্তন হলে এ সপ্তাহ শেষে তেল লুইসিয়ানা উপকূলে ছড়িয়ে পড়তে পারে। খুব শিগগিরই মিসেসিপি ডেলটা অঞ্চলেও তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ তেলক্ষেত্র বিস্ফোরণে ওই এলাকায় কর্মরত নিখোঁজ ১১ কর্মীর সবাই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়াম পরিচালিত গভীর সমুদ্রের এই তেলক্ষেত্রটির রিগে আগুন লেগে গত সপ্তাহে এটি বিস্ফোরিত হয়। প্রেসিডেন্ট বারাক ওবামাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে এবং তেলকূপের মালিক বিপি'কে আরও অন্যান্য সুবিধা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।" যার মধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সহায়তার বিষয়টিও আছে বলে ল্যান্ড্রি জানান। তেল নিঃসরণের ফলে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা ও ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলের বন্য প্রাণীর জীবন, সমুদ্র সৈকত ও নদী মোহনার বিশুদ্ধতা হুমকির মুখে পড়েছে। তেল নিঃসরণ বন্ধের নানা চেষ্টা ইতোমধ্যেই শুরু হয়েছে। নামানো হয়েছে রোবোটিক সাবমেরিন। কূপের তেল নিঃসরণ বন্ধ করতে তার ওপর বসানোর জন্য বিশাল গস্বুজ আকারের একটি কাঠামো তৈরির চেষ্টা চলছে। তাছাড়াও ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রিতভাবে পুড়িয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বুধবার এ চেষ্টা চললেও বাতাসের গতিপথ পরিবর্তন হয়ে যাওয়ায় তা ব্যাহত হয়। এখন শেষ চেষ্টা হিসাবে দুটি স্কিমিং জাহাজ পাঠিয়ে তেল ঠেলে একজায়গায় জমা করে আগুন প্রতিরোধক একটি ৫০০ ফুট (১৫০ মিটার) বুম দিয়ে ঘিরে রাখা হচ্ছে। পরে তা মিসেসিপি নদীর মোহনার ৫০ মাইল দক্ষিণে টেনে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে পোড়ানো হচ্ছে। এতে করে ৫০ থেকে ৯০ শতাংশ তেল পোড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে এবং আগামী দিনগুলোতে এভাবে আরো তেল পোড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪৬ ঘ.