ইসলামাবাদ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ভুটানে সার্ক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সাথে শান্তি আলোচনা বন্ধ করে দেয় ভারত। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করে আসছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কূটনৈতিক পর্যায়ের আলোচনার ভিত্তিতে দুই দেশের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার থিম্পুতে দ্বিপক্ষীয় এ বৈঠকে বসতে রাজি হয়েছেন।
অন্যদিকে, পাকিস্তানের মন্ত্রণালয় থেকেও একই বিবৃতি দেয়া হয়েছে। তবে দুই প্রধানমন্ত্রী কি নিয়ে আলোচনা করবেন সে ব্যাপারে মন্ত্রণালয় কিছু জানায়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভুটানে রয়েছেন।
১৯৪৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে।
এর আগে দিল্লিতে ফেব্র"য়ারি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক পর্যায়ের একটি বৈঠক হলেও তা তেমন কোনো ফল বয়ে আনেনি।
এবার দুইদেশের প্রধানমন্ত্রীর এ বৈঠককে পাক-ভারত সম্পর্কোন্নয়নে একটি ছোট্ট পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্র দুই দেশের সম্পর্কোন্ন্য়নের জন্য চাপ দিচ্ছে। যাতে পাকিস্তান আফগান সীমান্তের তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে বেশি মনযোগ দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /বিবি/এলকিউ/১৮০১ ঘ.
bdnews24