২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুমকি

আগাম নির্বাচনের দাবিতে অনড় লাল শার্টরা ব্যাংককে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 07:04 AM

Updated : 24 Aug 2022, 08:57 PM

ব্যাংকক, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগাম নির্বাচনের দাবিতে অনড় লাল শার্টরা ব্যাংককে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে বুধবার তারা সরকারের উদ্দেশে এই হুমকি দেয়। এরফলে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। রয়টার্সের আলোকচিত্রী জানান, ব্যাংকক সারারাত স্বাভাবিক ছিল। হাজার খানেক বিক্ষোভকারী শহরের প্রধান বাণিজ্যিক এলাকায় অবস্থান করে। প্রায় দু'মাস ধরে চলমান আন্দোলনে যে পরিমাণ বিক্ষোভকারী অংশ নিয়েছে সে তুলনায় গতরাতের সংখ্যা ছিল খুবই কম, সেখানে বিক্ষোভ দমনে সেনা অভিযানের আশঙ্কাও কাজ করেছে। তবে রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, সরকারবিরোধীরা সারারাত তাদের অবস্থানস্থলের চারপাশে ব্যারিকেড আরো শক্তিশালী করেছে। এতে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডারও রয়েছে। সেনাবাহিনী যেন গুলি ছুঁড়তে না পারে সে জন্য তারা সিলিন্ডারগুলোতে গ্যাস বোঝাই করেছে। মঙ্গলবার রাতে ব্যাংককে বিক্ষোভকারীদের অবস্থানস্থল লক্ষ করে সেনা অভিযান হতে পারে বলে খবর ছড়িয়েছিল। সেনা মুখপাত্র সানসার্ন কায়েকামনার্দ জানান, "আমরা বিভিন্নস্থানে অস্ত্রের খোঁজে নিরাপত্তা তল্লাশি চালিয়েছি। তাছাড়া আরো বেশি সংখ্যক মানুষ যেন বিক্ষোভকারীদের অবস্থানস্থলে গিয়ে জড়ো হতে না পারে তাও প্রতিরোধ করেছি।" সেনাসূত্রে জানা গেছে, অনেক সেনা কর্মকর্তাই জনসাধারণের সঙ্গে কোনো সংঘর্ষে যেতে চান না, বিশেষ করে যারা গত ১০ এপ্রিল লাল শার্ট বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তারা মনে করেন, সংঘর্ষ ও চলমান বিশৃঙ্খল যেন ছড়িয়ে না পড়ে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু রাজনৈতিক সমাধান ছাড়া এ থেকে উত্তরণ খুব কঠিন। লাল শার্টদের তৎপরতার মুখে মঙ্গলবার ব্যাংককে মেট্রো রেল চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে থাই সরকার হুশিয়ারি জানায়, ক্রমবর্ধমান উত্তেজনা দমনে লাল শার্ট বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি লাল শার্টরাও হুমকি দিয়েছে, রাজনৈতিক নেতৃত্ব যদি আইনের শাসন ফিরিয়ে আনতে না পারে তবে তারা নিজের হাতেই আইন তুলে নেবে। থাইল্যান্ডের রাজা ভূমিবল সোমবার এক অনুষ্ঠানে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য টেলিভিশনের মাধ্যমে আহ্বান জানিয়েছেন। অসুস্থ রাজা রাজনৈতিক সংকট নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে স্বাভাবিক ইচ্ছার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি, "যদি তুমি ন্যায়বিচারের ভালো দৃষ্টান্ত স্থাপন কর, তবে তা জনগণ এবং অনুসারীদের কাছেও তাদের দায়িত্ব যথাযথ ও সততার সঙ্গে পালনের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।" দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ডে এ সঙ্কট আরো সহিংসতা ও অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। ১০ এপ্রিল ব্যাংককের বাণিজ্যিক এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীদের সরাতে গেলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। সেদিনের সংঘর্ষে ২৬ জন নিহত ও আটশ'র বেশি মানুষ আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৮ঘ.