খার্তুম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দক্ষিণ সুদানের সেনাবাহিনী ও দারফুরের আরব আদিবাসীদের তুমুল সংঘর্ষে অন্ততপক্ষে ৫৮ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।
সুদানে ২৪ বছরের মধ্যে প্রথম নির্বাচনের ফল ঘোষণার সময়ে এ সংঘর্ষে উত্তর-দক্ষিণ সীমান্তে উত্তেজনা আরও বাড়ছে।
সুদানে ২০০৫ সালের শান্তিচুক্তির আওতায় দক্ষিণ সুদানের আলাদা সেনাবাহিনী এবং আধা স্বায়ত্তশাসিত সরকার আছে।
রিজাইগাত আরব আদিবাসী নেতা মোহাম্মদ ঈসা আলীউ রয়টার্সকে বলেন, দারফুর ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী অঞ্চলে শুক্রবার তুমুল লড়াইয়ে নিহত হয়েছে ৫৮ জন এবং আহত হয়েছে অন্ততপক্ষে ৮৫ জন।
তিনি বলেন, রিজাইগাত আদিবাসী এবং এসপিএল (দ্য সাউদার্ন সুদান পিপলস লিবারেশন আর্মি) এর মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কে কাকে আগে আক্রমণ করেছে তা বলতে পারেননি আলীউ।
লড়াইটি দক্ষিণ দারফুরের বালবাল্লাহ এবং দক্ষিণ সীমান্তবর্তী ওয়েস্টার্ন ভার আল ঘজল এ সংঘটিত হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১১১ ঘ.
bdnews24