বাগদাদ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকের রাজধানী বাগদাদের শিয়া এলাকায় শুক্রবার সিরিজ বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২৫ জন নিহত এবং ১শ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
ইরাকের পুলিশ একথা জানিয়েছে।
ইরাকের নিরাপত্তা বাহিনী গত কয়েকদিনে আল-কায়েদা বিরোধী অভিযান জোরদার করার পর বাগদাদের সদর সিটির বস্তির কাছের মসজিদ ও বাজারে এ হামলা হল।
এর আগে একইদিনে ইরাকের রামাদি শহরে কয়েকদফা শক্তিশালী বোমা বিস্ফোরণে ১১ জন নিহত এবং বহুজন আহত হয়। পুলিশ একথা জানিয়েছে।
বাগদাদ থেকে ৮৩ কিলোমিটার পশ্চিমে অস্থিতিশীল আনবর প্রদেশের খালিদিয়া শহরে একটি বোমা বিস্ফোরণে একই পরিবারের সাতজন নিহত হয়।
খালিদিয়া শহরের এক পুলিশের বাসার পাশে জঙ্গিরা আরও ছয়টি বোমা বিস্ফোরণ ঘটায়।
ঐ এলাকায় আরও দুটি বোমা নিস্ক্রিয় করতে গিয়ে একজন পুলিশ নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮২৫ ঘ.
bdnews24