২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আইসল্যান্ডেই বিমান বন্ধ

বাতাসের গতিপথ পাল্টে যাওয়ায় এবার খোদ আইসল্যান্ডের বিমানবন্দরই বন্ধ করে দেওয়া হচ্ছে আগ্নেয়গিরির ছাই ধোঁয়ার কারণে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 07:00 AM

Updated : 24 Aug 2022, 08:46 PM

রিকজাভিক, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাতাসের গতিপথ পাল্টে যাওয়ায় এবার খোদ আইসল্যান্ডের বিমানবন্দরই বন্ধ করে দেওয়া হচ্ছে আগ্নেয়গিরির ছাই ধোঁয়ার কারণে। এর আগে ছাই উদগীরণের ফলে ইউরোপের আকাশ ছেয়ে যাওয়ায় পুরো ইউরোপের বিমান চলাচল বন্ধ হয়ে গেলেও আইসল্যান্ডের বিমানবন্দর খোলা ছিল। রাজধানী রিকজাভিক থেকে ৭৫ মাইল দক্ষিণ পূর্বে ইজাফজাল্লাজকুল হিমবাহের আগ্নেয়গিরির ছাই উদগীরণে আকাশ ছেয়ে যাওয়ায় ইউরোপের বিমান চলাচল প্রায় ছয় দিন বন্ধ ছিল। ছাই সরে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে পুরো ইউরোপে বিমানবন্দরগুলো নতুন করে ফ্লাইট চালু করে। কিন্তু বাতাসের গতিপথ পরিবর্তিত হওয়ায় উদগীরিত ছাই পূর্ব থেকে রাজধানী রিকজাভিক ও বিমানবন্দরের দিকে উড়ে আসতে থাকায় আইসল্যান্ডকেই বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে। দেশটির বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, "শুক্রবারের ছাই ছড়ানোর পূর্বাভাসে আশা করা হচ্ছে, বিমান চলাচল অঞ্চল কেভলাভিক ও রিকজাভিক বিমানবন্দরের দিকে ছাই উড়ে আসতে পারে। তাই একটা নির্দিষ্ট সময়ের জন্য বিমানবন্দর বন্ধ রাখা হবে।" আগ্নেয়গিরির উদগীরণের পর এই প্রথমবারের মতো আইসল্যান্ডের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১২৫৫ঘ.