২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যিক এলাকায় লাল শার্টদের মিছিল প্রত্যাহার

থাইল্যান্ডে মঙ্গলবার রাজধানী ব্যাংককের বাণিজ্যিক এলাকা অভিমুখে মিছিল প্রত্যাহার করেছে সরকারবিরোধী লাল শার্টরা। তবে তারা শপিং মার্কেট এলাকায় অনির্দিষ্টকাল ধরে অবস্থান করার হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 11:22 AM

Updated : 24 Aug 2022, 08:39 PM

ব্যাংকক, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে মঙ্গলবার রাজধানী ব্যাংককের বাণিজ্যিক এলাকা অভিমুখে মিছিল প্রত্যাহার করেছে সরকারবিরোধী লাল শার্টরা। তবে তারা শপিং মার্কেট এলাকায় অনির্দিষ্টকাল ধরে অবস্থান করার হুমকি দিয়েছে। ফলে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক খ্যাত লাল শার্টরা আরও জানিয়েছে, শপিং মার্কেট এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করতে তারা নিজেরাই একটি বিশেষ বাহিনী গড়ে তুলেছে। ১৮ দিন ধরে তারা এ এলাকায় অবস্থান করছে। নির্বাচনের দাবিতে গত দেড় মাস ধরে লাল শার্টরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। নিরাপত্তার কারণ দেখিয়ে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে বন্ধ রাখা হয়েছে শপিং মার্কেট এলাকার অন্তত দুটো বিলাসবহুল হোটেল। রাচাপ্রাসংয়ে সমর্থকদের উদ্দেশে অন্যতম লাল শার্ট নেতা নাত্তাউত সাইকুয়া বলেন, "আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে অবস্থান করব।" সেইসঙ্গে তিনি আরও বলেন, সেনারা চলে গেলেই তারা আবার বাণিজ্যিক এলাকায় মিছিল করবে। স্টক মার্কেট এলাকায় শত শত সেনা নামানো হয়েছে। তাদের অনেকের হাতেই শোভা পাচ্ছে অত্যাধুনিক এম-১৬ রাইফেল। মঙ্গলবার সেনাবাহিনীর মুখপাত্র হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সেনারা কঠোর নীতি গ্রহণ করবে। যদি তাদের হামলার সম্মুখীন হয়, তবে তারা অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। এ ঘোষণার পরপরই লাল শার্টরা মিছিল প্রত্যাহার করে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ আন্দোলন সেনাবাহিনীর ভিতরেও কোন্দল সৃষ্টি করেছে। সেনাবাহিনীর একটা অংশ লাল শার্টদের সমর্থন করছে। যাদের মধ্যে দু'বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সহযোগী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও রয়েছেন। আন্দোলনের কারণে ব্যাংককের শেয়ার বাজারে দরপতন অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১৬ ঘ.