নিউ দিল্লি, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে ২০০৪ সালের তুলনায় এখন ১০ কোটি বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। সরকারি এক প্রতিবেদনে রোববার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
দারিদ্রের হার ২০০৪ সালের ২৭ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৩৭ দশমিক ২ শতাংশ হয়েছে। এতে করে গরীবদের জন্য বরাদ্দ বাড়াতে হবে কংগ্রেস শাসিত ভারত সরকারকে।
কংগ্রেস পার্টি প্রধান সোনিয়া গান্ধী নারী, শিশু ও দুর্গতদের জন্য বরাদ্দ বাড়িয়ে সরকারকে খাদ্য নিরাপত্তা বিল পর্যালোচনার প্রস্তাব দেওয়ার কয়েক সপ্তাহ পর এ নতুন হিসাব প্রকাশিত হল ।
ভারতের পরিকল্পনা কমিশনের সদস্য অভিজিত সেন রয়টার্সকে বলেন,"দরিদ্রের নতুন পরিসংখ্যানের এ প্রতিবেদন পরিকল্পনা কমিশন গ্রহণ করেছে।" তিনি আরো জানান, প্রতিবেদনটি গত ডিসেম্বরে সরকারি একটি প্যানেল জমা দিয়েছে।
কর্মকর্তারা জানান, ভারতে এখন ৪১ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। তারা জাতিসংঘ নির্ধারিত দারিদ্র সীমা দৈনিক ১ দশমিক ২৫ মার্কিন ডলারের কম আয়ে জীবন চালায়। আগের হিসাবের তুলনায় এ সংখ্যা ১০ কোটি বেশি।
ন্যূনতম পুষ্টি সমৃদ্ধ খাবার দিনে তিন বেলা কয়টি পরিবার পায় তার ওপর ভিত্তি করে নতুন এ পরিসংখ্যান করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বে দরিদ্র মানুষের এক তৃতীয়াংশই ভারতের বলে মনে করা হয়ে থাকে। দৈনিক ২ মার্কিন ডলারের কম আয়ে চলে তারা। এ অবস্থা আফ্রিকার সাব সাহারার অনেক এলাকার মানুষের চেয়ে মানবেতর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৫৫ ঘ.
bdnews24