২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই সঙ্কট নিরসনে মধ্যবর্তী নির্বাচন দাবি থাকসিনের

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভে সেনাদের সঙ্গে সংঘর্ষ ও উত্তেজনা কমাতে মধ্যবর্তী নির্বাচন দাবি করেছেন নির্বাসিত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 10:43 AM

Updated : 24 Aug 2022, 08:38 PM

ব্যাংকক, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভে সেনাদের সঙ্গে সংঘর্ষ ও উত্তেজনা কমাতে মধ্যবর্তী নির্বাচন দাবি করেছেন নির্বাসিত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সঙ্কট নিরসনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভাকে অবিলম্বে পার্লামেন্ট ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি। ফিজি সফর শেষে ব্র"নাইয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে রয়টার্সের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে থাকসিন বলেন, "রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। তা করতে হলে অভিজিতের পথ একটাই। আর তা হচ্ছে, পার্লামেন্ট ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচন দেওয়া।" ৫ সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাংককের প্রধান প্রধান জায়গাগুলো দখল করে রাখা লাল শার্ট বিক্ষোভকারীদের দাবি প্রতিহত করে অভিজিৎ তাদের ওপর দমনাভিযান চালানোর নির্দেশ দেওয়া বা সেনা অভ্যুত্থান ঘটানোর পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন থাকসিন। থাকসিন বলেন, "অভ্যুত্থান ঘটানোটা অতীতের মতো এত সহজ হবে না। কারণ, এ পদক্ষেপ জনগণের কাছ থেকে প্রচণ্ড বাধার মুখে পড়বে।" ২০০৬ সালে থাইল্যান্ডে রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন। থাকসিন লাল শার্টদের সঙ্গে টেলিফোন কিংবা ভিডিওতে কথা বলা বন্ধ করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ব্যাংককে লাল শার্টদের আন্দোলন এখন তার পক্ষের লড়াইয়ের গন্ডি পেরিয়ে অনেক দূর এগিয়েছে। তিনি আরও বলেন, "আমার প্রতি অবিচার করা হয়েছে-- এ বোধ থেকে প্রথমে লোকজন আমার জন্য লড়ত। কিন্তু এখন লোকজন ন্যায়বিচার এবং গণতন্ত্রের দাবিতে অনেক বেশি সোচ্চার হচ্ছে। তারা গণতন্ত্রে আর এলিটদের হস্তক্ষেপ চায় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩৯ ঘ.