নয়া দিল্লি, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিতর্কে রোববার পদত্যাগ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর। আইপিএল এ ফ্র্যাঞ্চাইজি রঁদেভু স্পোর্টস ওয়ার্ল্ডের অংশিদারিত্ব নিয়ে বিতর্ক ওঠায় তিনি পদত্যাগে বাধ্য হন।
প্রায় ৩৩ কোটি ৩০ লাখ টাকার নিলামে থারুর ভুমিকা নিয়ে বিতর্ক ওঠায় সংসদে বাজেট অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।
ড. শশী থারুর মন্ত্রিসভা থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকে এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রী মনমোহন সিং, থারুর পদত্যাগপত্র গ্রহণের জন্য রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছে পাঠিয়েছেন।
পদত্যাগ করার আগে শশী থারুর প্রধানমন্ত্রী সিং-এর সঙ্গে দু'দফা বৈঠক করেন।
বিশ্লেষকদের অভিমত, থারুর পদত্যাগ আপাত দৃষ্টিতে বিরোধীদলের বিজয় বলে মনে হতে পারে। কারণ বিরোধী দল থারুরকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার জন্য সোচ্চার ছিল। এর পরিপ্রেক্ষিতে বিরোধীদল সংসদে সংস্কার বিল পাস না করতে চাপ সৃষ্টি করে যাচ্ছে।
প্রস্তাবিত সংস্কার বিলে অবসরভাতা ও বীমা খাতে বিদেশি বিনিয়োগের বিষয় রয়েছে। থারুর এই সংস্কার বিলের কট্টর সমর্থক ছিলেন।
আইপিএল'র প্রধান ললিত মোদির একটি তথ্যই থারুরকে নিয়ে বিতর্ক উস্কে দেয়। তিনি জানান, ফ্র্যাঞ্চাইজি রঁদেভু স্পোর্টস ওয়ার্ল্ডের প্রায় এক কোটি ৫০ লাখ ডলার সমমূল্যের অংশিদারিত্ব একজন মহিলাকে বিনামূল্যে দেওয়া হয়। ভারতীয় সংবাদবামাধ্যম আবিষ্কার করে ওই মহিলা থারুরের বান্ধবী সুনন্দা পুষ্কর।
এ নিয়ে সংসদে বিতর্ক উঠলে থারুরকে পদত্যাগ করতে বলে বিরোধী দল। থারুর প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩০ঘ.
bdnews24